২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি নূরুল হুদা

কবি মুহম্মদ নূরুল হুদার ৬৯তম জন্মবার্ষিকীতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কবি, সাহিত্যিক, পাঠক ও শুভানুধ্যায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 01:49 AM

Updated : 19 Aug 2022, 05:40 PM

কবির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় নূরুল হুদার কবিতার মূল্যায়নধর্মী প্রবন্ধ পাঠ করেন ফরিদ আহমেদ দুলাল। অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ হারুন উর রশিদ, অধ্যাপক মনিরুজ্জামান, কবি আজিজুর রহমান আজিজ, কবি কাজী রোজী, কবি হাবিবুল্লাহ সিরাজ, কথাশিল্পী মাসুদ আহমদ, কবি কামাল চৌধুরী, কবি আসলাম সানী প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিরা নূরুল হুদার জীবন, কর্ম ও কবিতা নিয়ে আলোচনার পাশাপাশি তাকে উৎসর্গ করে কবিতা পাঠ করেন।

আলোচনা আর আবৃত্তি শেষে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের পোকখালীতে জন্ম নূরুল হুদার। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক এবং ১৯৭২ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।

কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদ, সমালোচনা এবং জীবনী মিলিয়ে শতাধিক বই রয়েছে তার।

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। ২০১৫ সালে তাকে দেওয়া হয় একুশে পদক।