৭ অক্টোবর ফিরছেন প্রধানমন্ত্রী: কাদের
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর দেশে ফিরছেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
তিনি শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৭ তারিখ সকালে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।”
পিত্তথলীতে অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় রয়েছেন।
অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, ৫ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গিয়েছিলেন শেখ হাসিনা। সাধারণ অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ার যান তিনি।
সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর সেখানে একটি হাসপাতালে তার পিত্তথলীতে অস্ত্রোপচার হয়।
জয় গত বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে বলেছেন, তার মা সুস্থ আছেন।
প্রবাসে থেকেই প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজ করছেন।
প্রাথমিক সূচিতে ছেলের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর রওনা দিয়ে লন্ডন হয়ে ২ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল।
এই সফরে ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন শেখ হাসিনা; পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ছাড়াও বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
সাধারণ অধিবেশনে বক্তৃতায় মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট এবং বাংলাদেশের উপর শরণার্থীদের চাপের বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেন শেখ হাসিনা।
