২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোয়াল্লেমের বিরুদ্ধে ‘প্রতারণা ও হয়রানির’ অভিযোগ ২৩ হাজির

সৌদি আরবে নিয়ে ‘প্রতারণা ও হয়রানির’ অভিযোগে হজ এজেন্সি ও মোয়াল্লেমের বিরুদ্ধে সংবাদ সম্মেল করেছেন এবার হজ করে আসা ২৩ জন ভুক্তভোগী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 06:03 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

তাদের অভিযোগ, এক এজেন্সির নামে হজে পাঠিয়ে পরে তাদের আরেক এজেন্সির হাতে তুলে দেওয়া হয়। মোয়াল্লেম শফিকুল ইসলাম উন্নত বাসস্থান, মানসম্মত খাবার ও যানবাহনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেও তা না করে ‘প্রতারণা’ করেছেন। তাদের জিম্মি করে আদায় করা হয়েছে অতিরিক্ত অর্থ।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩ জনের পক্ষে মো. মিজানুর রহমান ও শেখ শরীফুল ইসলাম নামে দুজন ওই অভিযোগ তুলে ধরেন।

অন্যদিকে মোয়াল্লেম শফিকুল অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি এজেন্সি ও হাজিদের ‘ষড়যন্ত্রের শিকার’।

অভিযোগকারীদের প্রতিনিধি মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, তারা পাঁচ ভাই-বোন ও আত্মীয়সহ মোট আটজন মোয়াল্লেম শফিকুল ইসলামের মাধ্যমে হজে গিয়েছিলেন।

“আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল শফিকুল, যার কিছুই সে রাখেনি। বিমানে ওঠানো থেকে শুরু করে হজের শেষ দিন পর্যন্ত আমরা দুর্বিষহ জীবন কাটিয়েছি।”

মিজানুর বলেন, শফিকুল তাদেরকে নিজের হজ এজেন্সি মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের নামে হজে নিলেও পরে সিয়াম ওভারসিজ নামের আরেক এজেন্সির কাছে হস্তান্তর করে দেন। খাবার, যাতায়াতসহ আনুসাঙ্গিক বিষয়গুলো নিজেই দেখবেন বলে জানান। ফলে সিয়ামের হজযাত্রীদের সঙ্গে থাকলেও অন্য কোনো সুযোগ সুবিধা পাননি অভিযোগকারীরা।

আরেক ভুক্তভোগী শেখ শরীফুল ইসলাম জানান,  মা, খালা ও আত্মীয়সহ তারা মোট পাঁচজন এবার হজে গিয়েছিলেন শফিকুলের মাধ্যমে।

“হজের সময় মোয়াল্লেম সার্বক্ষণিক সাথে থাকার কথা। কিন্তু শফিকুল যাননি, লোক দেওয়ার কথা বলেও দেয়নি।

“আমাদের বলেছিল তিন তারকা হোটেলে রাখবে। তিন বেলা ব্যুফের খাবার পাওয়া যাবে। যাতাযাতের জন্য গাড়ি দেওয়া হবে। অথচ আমাদের সাধারণ একটি বাড়িতে রেখেছে। অতি নিন্মমানের খাবার পলিথিনে করে দিয়ে যেত স্থানীয় ক্যাটারিংয়ের লোক। যাতায়াত করতে হয়েছে নিজেদের খরচে।”

শরীফুল বলছেন, ‘অস্বাস্থ্যকর’ খাবার খেয়ে তাদের দলের ২৩ জনই পেটের পীড়ায় ভুগেছেন। হাসপাতালেও যেতে হয়েছে কয়েকজনকে।

“অসুস্থতাসহ অন্যান্য অসুবিধার কথা জানিয়ে ফোন দেওয়া হলে মোয়াল্লেম শফিকুল ফোন বন্ধ করে দেয়। পরে মক্কায় হজ মিশনের সহায়তায় আমরা চিকিৎসা নিয়েছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিয়াম ওভারসিজের পরিচালক মোজাহিদুল ইসলাম ঢালি বলেন, “শফিকুল আমাদের কাছে ২৩ জনকে নিবন্ধিত করে এবং খাবার ও যাতাযাতের ব্যবস্থা সে নিজে করবে বলে জানায়। আমাদের পাওনা টাকা সে এখনো পরিশোধ করেনি।”

শফিকুল বেশ কয়েক বছর ধরেই হজে লোক পাঠানোর কাজ করে আসছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৩ জনই খুব ভালোভাবে হজ করেছে, এখন হজ করে এসে তারা আমাকে চাপ দিয়ে টাকা আদায় করতে চায়। আমি তাদের যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব রেখেছি। পুরো বিষয়টিই এজেন্সি আর হাজিদের ষড়যন্ত্র।”