২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের জন্য চিকিৎসকদের প্রস্তুত থাকতে বললেন মন্ত্রী

আশ্রয় শিবিরে স্বল্প পরিসরে থাকা বিপুল সংখ্যক রোহিঙ্গার মধ্যে যে কোনো সময় রোগ ছড়ানোর শঙ্কা প্রকাশ করে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য চিকিৎসকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 08:55 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

বুধবার বিকালে মহাখালীতে বাংলাদেশ উদরাময় গবেষণাকেন্দ্রে (আইসিডিডিআর,বি) এক অনুষ্ঠানে তিনি বলেন, “লক্ষ লক্ষ রোহিঙ্গা একসাথে থাকছে, সেখানে হয়ত যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে।

“আপনারা টিম রেডি রাখেন, ক্যাম্প করেন, যাতে কিছু হলে সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্যগত সেবা দিতে পারেন। আমি এই অনুরোধটা করলাম, এটি আমাদের করতে হবে। কারণ আমরা চাই না, মিয়ানমারের নাগরিকই হোক বা অন্য কোথাওর- কেউ দুর্ভোগে পড়ুক।”

মিয়ানমার সরকারকে ‘বর্বর’ আখ্যা দিয়ে নাসিম বলেন, “রাখাইনের গরিব মানুষগুলো জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে জানে না, সে ব্যবস্থা তাদের দেওয়া হয়নি। এই লক্ষ লক্ষ মানুষকে কোনো দিন শিক্ষা, স্বাস্থ্য সুবিধা দেওয়া হয়নি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, “ইউরোপ এক লক্ষ শরণার্থীকে আশ্রয় দিতে ভয় পেয়েছে, সাহস পায়নি এত উন্নত দেশগুলো। অথচ শেখ হাসিনা লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছেন।

“তিনি তাদের খাবার ভাগ করে খাবেন বলেছেন, স্বাস্থ্যসেবা দিচ্ছেন। আমরা প্রতিদিন রোহিঙ্গাদের টিকা ও ভিটামিন পর্যন্ত দিচ্ছি।”

আইসিডিডিআর,বি ‘হিল্টন হিউম্যানিটেরিয়ান এ্যাওয়ার্ড ২০১৭’র জন্য মনোনীত হওয়ায় তাদের অভিনন্দন জানান স্বাস্থ্যমন্ত্রী। ওই পুরস্কারের জন্য যে অর্থ দেওয়া হয়, তার সমান অর্থ (২ মিলিয়ন ডলার) বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সংস্থাটিকে দেওয়ার ঘোষণা দেন তিনি।

কাজের স্বীকৃতিস্বরূপ আইসিডিডিআর,বি নোবেল পুরস্কার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‘বাংলাদেশ সরকার ও আইসিডিডিআরবি’র সহযোগিতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শিরোনামে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্স, সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।