২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক মামলায় রিমান্ডে ‘জঙ্গিনেতা’ মেহেদী

বনানী থানার সন্ত্রাস বিরোধী মামলায় স্বীকারোক্তি দেওয়ার ‌র‌্যাম্প মডেল থেকে জঙ্গিনেতা বনে যাওয়া ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলকে আরেকটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 07:35 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

বুধবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে উত্তরা (পশ্চিম) থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতের পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান।

গত ২০ সেপ্টেম্বর ঢাকার বনশ্রী থেকে মেহেদীকে (২৯) গ্রেপ্তারের পর র‌্যাব বলেছিল, এই যুবক জেএমবির ‘ব্রিগেড আদ-দার-ই কুতনী’র কমান্ডার।

এরপর চারদিন হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।