২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগারেট সাজিয়ে রেখে জরিমানা গুণল মীনা বাজার

বিক্রির জন্য রাখা সিগারেট প্রদর্শনের ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ হওয়ায় এক লাখ টাকা জরিমানা গুণতে হয়েছে চেইনশপ মীনা বাজারের মোহাম্মদপুর শাখাকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 06:45 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

বুধবার সেখানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী হাকিম এস এম অজিয়র রহমান। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা ছাড়াও ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তারা অভিযানে সহায়তা করেন।

বিক্রি করা গেলেও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুসারে তামাকজাত দ্রব্যের যে কোনো ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ।

হাকিম অজিয়র রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “কিন্তু মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি সংলগ্ন মীনা বাজার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র বেনসন অ্যান্ড হেজেসের লোগো-রং ব্যবহার করে শো কেস বানিয়ে সেখানে প্যাকেট রেখে বিজ্ঞাপন আদলে প্রচারণা চালিয়ে আসছিল, যা আইনত অপরাধ।”

এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়েছে। যদি তারা পরবর্তীতে একই অপরাধ করে তাহলে দ্বিগুণ জরিমানার সঙ্গে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।”

মীনা বাজারের এই শাখাটিকে গত বছরের ২১ নভেম্বর একই অপরাধে জরিমানা করা হয়েছিল।