২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশকে জাপানের ‘সমর্থন’

রোহিঙ্গা দমন-পীড়নের মধ্যে মিয়ানমারের প্রতি সব ধরনের সমর্থনের প্রতিশ্রুতির দুই দিন বাদেই এ সঙ্কট সমাধানে বাংলাদেশকেও ‘পূর্ণ সমর্থন’ দেওয়ার কথা জানিয়েছে জাপান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 04:32 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

পুরনো খবর:

মিয়ানমারের পাশে থাকবে জাপান

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইআও হরি বলেছেন, “রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সৃষ্ট ‘কঠিন সমস্যা’ সমাধানে বাংলাদেশের প্রতি টোকিওর ‘পূর্ণ সমর্থন’ রয়েছে।”

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের পর জাপানের মন্ত্রী সাংবাদিকদের বলেন, “বিষয়টি (রোহিঙ্গা) জাপানের জন্যও উৎকণ্ঠার। 

“আমরা বাংলাদেশে তাদের জন্য সহায়তাও দিচ্ছি।”

রোহিঙ্গা সঙ্কট শুরুর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের সমালোচনার মুখে থাকা মিয়ানমারের প্রতি সব ধরনের সমর্থন অব্যাহত রাখার কথা গত সোমবার জানায় জাপান।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

সম্প্রতি রাখাইন সফরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইআও হরি এই সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

তবে জাপান শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, “তাদের গত ২৯ অগাস্টের বিবৃতিতেই বিষয়টি পরিস্কার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মতো তারাও (জাপান) কফি আনান কমিশনের দেওয়া প্রতিবেদনের পূর্ণ বাস্তবায়ন চায়।”

জাপানকে বন্ধুরাষ্ট্র হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, জাপানের জন্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচনে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেনি।

গত মাসের শেষ দিকে মিয়ানমারে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরুর পর এ পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে এই সঙ্কটের দিকেই এখন পুরো বিশ্বের দৃষ্টি।

এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ঢাকায় আসেন জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াও হরি।