রোহিঙ্গা নিপীড়ন বন্ধের দাবিতে ইস্ট ওয়েস্টে মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান দমন-পীড়ন বন্ধে সরকারের ‘দৃঢ় ভূমিকা’ চেয়ে মানববন্ধন করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, “বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম বলেই জানি। শান্তির ধর্মের দেশে জাতিগত নির্মূল অভিযান মানা যায় না। আমাদের একটাই দাবি- স্টপ জেনোসাইড, স্টপ এথনিক ক্লিনজিং।”
মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে ২৫ অগাস্ট থেকে পালিয়ে বাংলাদেশ আসা শুরু করে রোহিঙ্গারা। জাতিসংঘ ও সরকারি হিসাবে এরই মধ্যে নতুন করে প্রায় চার লাখ শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে।
ফরাসউদ্দিন বলেন, “আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, তাই যখন মানবতাকে দ্বিখণ্ডিত হতে দেখি, সমস্ত স্বত্ত্বা বিদ্রোহী হয়ে ওঠে।”
