ঢাকায় গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুর এলাকায় এক গৃহবধূ খুন হওয়ার পর তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের নাম তাসলিমা সুলতানা ইভা (৪০)। তার স্বামী মনিরুজ্জামান বাবু।
মিরপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, রোববার দুপুরে ইভার স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পূর্ব মনিপুরের একটি ভবনের তৃতীয় তলার বাসা থেকে ইভার লাশ উদ্ধার করা হয়। মৃতদেহটি মেঝেতে পড়েছিল। শরীরে ভারী কোনো বস্তুর আঘাতে ইভাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
ওসি নজরুল বলেন, “ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ইভার স্বামী বাবু হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর বাবুকে গ্রেপ্তার করা হয়।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
যে ভবনে ইভার লাশ পাওয়া গেছে, সেই বাড়িটি বাবুদের। ইভার বাবার বাসাও ওই এলাকায় দুই ভবন পরে।
এই দম্পতির ছোট দুই সন্তান ঘটনার সময় বাসায় ছিল বলে জানান ওসি।
