রোহিঙ্গা সংকট: শরণার্থী বিষয়ে আইন চেয়ে হাই কোর্টে আবেদন
মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নে শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে শরণার্থী বিষয়ে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট চেয়ে এ আবেদন করেন।
বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চে চলতি সপ্তাহেই আবেদনটির শুনানি হতে পারে বলে তিনি জানান।
আবেদনে বাংলাদেশ সরকার, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।
আইনজীবী তানজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার ১৪ নম্বর ধারা অনুযায়ী, বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। এখন তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও আসে।
টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে হাড়িয়াখালী থেকে দলে দলে শরণার্থীরা প্রবেশ করছে বাংলাদেশে। ছবি: মোস্তাফিজুর রহমান
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী বিষয়ক আইন থাকলেও বাংলাদেশে কোনো এবিষয়ে কোনো আইন না থাকায় রিট আবেদনটি করা হয়েছে বলে তানজিম জানান।
আবেদনে বলা হয়েছে, সরকার মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সম্প্রতি নতুন করে কয়েক লাখ রোহিঙ্গা দেশে ঢুকেছে। তাছাড়া পাকিস্তানি বিহারীরাও শরণার্থী হিসেবে বসবাস করে আসছে।
“বিশাল এই শরণার্থী জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা ও সুরক্ষার জন্য একটি আইনি কাঠামো থাকা খুবই জরুরি।”
সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের প্রত্যেক নাগরিকের পাশাপাশি সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত ব্যক্তিদের প্রত্যেককে আইনের আশ্রয় লাভের অধিকার দেওয়া হয়েছে।
আইনজীবী তানজিম বলেন, “কিন্তু সংবিধানের এ বিধানমতে শরণার্থীরা কীভাবে, কোন আইনে আশ্রয় নেবে তা আইন দ্বারা নির্ধারণ করা হয়নি। ফলে দেশে এ সংক্রান্ত আইন প্রনয়ন জরুরি হয়ে পড়েছে।”
