রোহিঙ্গাদের সহায়তায় সুইজারল্যান্ডের ১২ লাখ ফ্রাঁ
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও বন্যাদুর্গতদের জন্য জরুরি সহায়তা হিসেবে ১২ লাখ ফ্রাঁ (প্রায় ১০ কোটি ২০ লাখ টাকা) দেবে সুইজারল্যান্ড।
সুইস ডেভেলপমেন্ট করপোরেশনের (এসডিসি) মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে বলে ঢাকায় সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপিততে জানানো হয়েছে।
এর মধ্যে ১০ কোটি টাকা রোহিঙ্গাদের জন্য এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ লাখ টাকা ব্যয় করা হবে।
গত ২৪ অগাস্ট রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার পর শুরু হওয়া সেনা অভিযানে রোহিঙ্গাদের ব্যাপক হারে হত্যা-ধর্ষণের অভিযোগ উঠেছে।
ইতোমধ্যে চার লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে।
মিয়ানমার সরকার সেনাবাহিনীর এই অভিযানকে বলছে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই’। বেসামরিক রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টার অভিযোগও তারা অস্বীকার করেছে।
