কোনো বিষয় পাশের দেশে এলে আর অভ্যন্তরীণ থাকে না: সলিমুল্লাহ খান
রোহিঙ্গা সংকট এখন আর মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয় মন্তব্য করে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয় যখন পাশের দেশে চলে আসে, তখন তা আর অভ্যন্তরীণ থাকে না।
মিয়ানমারের রাখাইন প্রদেশে দমন-পীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গার ঘর-বাড়ি ছেড়ে বাংলাদেশে ছুটে আসা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে শুক্রবার এক বিবৃতিতে মিয়ানমার কর্তৃপক্ষকে সমর্থনের কথা জানায় রাশিয়া।
এই সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় দাবি করে দেশটিতে বাইরের হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান জানায় তারা।
শনিবার বিকালে ঢাকায় ‘রোহিঙ্গা সংকট: কারণ, প্রক্রিয়া এবং আমাদের করণীয়’ শিরোনামের এক সংলাপে এ বিষয়ে সলিমুল্লাহ খান বলেন, “দেশের অভ্যন্তরীণ ব্যাপার যখন পাশের দেশে চলে আসে, তখন তা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়। রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন আন্তর্জাতিক খেলা চলছে। বিদেশি নানা শক্তি এখন ঘাঁটি গেঁড়ে বসতে চাইছে।”
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক মহলের চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এই সমস্যার সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান নেতৃত্বাধীন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
অধ্যাপক সলিমুল্লাহ খান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমের ওপর সরকারের নজরদারির প্রস্তাব এসেছে ওই আলোচনা সভা থেকে।
একইসঙ্গে শরণার্থী শিবিরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোনো ব্যক্তি, সংস্থা বা সংগঠন যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সরকারকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন বক্তারা।
বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনায় সলিমুল্লাহ খানের পাশাপাশি অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা রামরুর পরিচালক তাসনিম সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক আকমল হোসেন, গবেষক গওহর নাঈম ওয়ারা ও প্রশান্ত ত্রিপুরা অংশ নেন।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে কাজ করতে আসা রেডক্রস, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র মতো সংস্থাগুলোর কার্যক্রম তদারকিতে সরকারের নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে করেন গওহর নাঈম ওয়ারা।
তিনি বলেন, “বিভিন্ন সংস্থাগুলোকে ইনডেমনিটি দিয়ে বলে দেওয়া হল, ওরা স্বেচ্ছায় ত্রাণকাজে অংশ নিতে এসেছে। ওদের কার্যক্রমে অসন্তুষ্ট হলে বা ত্রুটি হলে আমরা আদালতে যেতে পারব না। যেন মুরগি পাহারা দিতে শেয়াল ডেকে আনা হল।”
শরণার্থী শিবিরের স্বাস্থ্যগত সমস্যাটি চট্টগ্রাম বন্দরের রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
“যদি ডায়রিয়া, পোলিওর ভাইরাস মহামারি আকারে বিস্তার লাভ করে, আর তা বিদেশি রপ্তানিকারকদের কানে পৌঁছায়, তবে তা রপ্তানি ইস্যুতে বিরাট প্রভাব ফেলবে। ওরা বন্দরে পণ্য পাঠাতে চাইবে না। এমনকি রপ্তানি বাণিজ্যও বন্ধ হয়ে যেতে পারে। এই স্বাস্থ্য সমস্যাটি যে আমাদের অর্থনীতিতে কত বড় প্রভাব ফেলতে পারে, তা আমরা ভাবতেই পারছি না।”
অধ্যাপক আকমল হোসেন বলেন, “২০১২ সাল থেকে রোহিঙ্গাদের জনস্রোত ঠেকানো যেমন সম্ভব হয়নি, তেমনি একজনকেও ফেরত পাঠানো যায়নি। এবার এ সংকট প্রকট আকার ধারণ করেছে। এদেরকে দেশে ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের চাপ প্রয়োগ করতে হবে।
“কিন্তু কোনোভাবেই তাদের তৃতীয় কোনো রাষ্ট্রে পাঠানো যাবে না। সেটি হলে মিয়ানমার সরকারের অনৈতিক কর্মকাণ্ডে অনুমোদন দেওয়া হবে।”
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে দেশি-বিদেশি অনুদান ও ব্যক্তি অনুদানের বিষয়টি সরকারের সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্য রাখতে হবে বলে মন্তব্য করেন তাসনিম সিদ্দিকী।
প্রশান্ত চাকমা বলেন, “রোহিঙ্গাদের সঠিক মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়েও কাজ করতে হবে। রোহিঙ্গাদের জন্য দরজা খুলে দিতে হবে। তবে এর মাঝে অনেকেই ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপটি সঞ্চালনা করেন বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক অরূপ রাহী।
