২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের মাথাপিছু খাবার খরচ ৫৬ টাকা

দেশের কারাগারগুলোতে একেকজন কয়েদির প্রতিবেলার খাবারে সাড়ে ১৮ টাকা ব্যয় হয় বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2017, 06:06 PM

Updated : 12 Apr 2022, 12:19 AM

সংসদে বুধবারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিদিন কয়েদিদের খাবারে মাথাপিছু ৫৬ টাকা ব্যয় হচ্ছে।

চট্টগ্রাম-১১ আসনের এম আদুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বর্তমানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদির সংখ্যা ১৪ হাজার ৮৮৬ জন। তাদের খাবারের জন্য মাথাপিছু গড়ে ৫৬ টাকা হারে প্রতিদিন আট লাখ ৩৩ লাখ ৬১৬ টাকা ব্যয় হচ্ছে।

নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ মো. নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ২০০৯-১০ থেকে ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন যানবাহন থেকে জরিমানা বাবদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২১৭ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ৭৫৪ টাকা আদায় করেছে। 

আদায় করা জরিমানার পরিমাণ

>> ২০০৯-১০ অর্থবছরে ২৫ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ২২৫ টাকা 

>> ২০১০-১১ অর্থবছরে ২৫ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৬০ টাকা

>> ২০১১-১২ অর্থবছরে ২৮ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫১৫ টাকা

>> ২০১২-১৩ অর্থবছরে ২৫ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা

>> ২০১৩-১৪ অর্থবছরে ২৩ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা

>> ২০১৪-১৫ অর্থবছরে ১৮ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৪০০ টাকা

>> ২০১৫-১৬ অর্থবছরে ২৬ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৯৬৩ টাকা 

>> ২০১৬-১৭ অর্থবছরে ৪৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৫৪১ টাকা  

মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগমের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্স সাত বছরে মাত্র দুই জনের অবস্থান চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে এ এম রাশেদ চৌধুরীর অবস্থান যুক্তরাষ্ট্র আর এস এইচ এম বি নুর চৌধুরী কানাডায়। যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে বাংলাদেশের আইনি জটিলতার কারণে এই দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে।

মন্ত্রী বলেন, “জাতির পিতার খুনিদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের জন্য ২০১০ সালের ২৮ মার্চ আইনমন্ত্রীকে সভাপতি করে একটি টাস্কফোর্স গঠন করা হয়। ২০১৪ সালে এই টাস্কফোর্স পুনর্গঠন করা হয়। এরপর কমিটি একাধিক বৈঠক করেছে। গত ৩১ জুলাই টাস্কফোর্সের সর্বশেষ বৈঠক হয়।  এছাড়া ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে খুনিদের ছবি সম্বলিত তথ্য প্রেরণ করে তাদের অবস্থান চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।”