আস্তানার ন্যাশনাল মিউজিয়ামে রাষ্ট্রপতি
কাজাখস্তানের ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার দেশটির রাজধানী আস্তানায় অবস্থিত এ জাদুঘর স্ত্রী রাশিদা খানম ও সফরসঙ্গীদের নিয়ে পরিদর্শন করেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি জাদুঘরে পৌঁছালে প্রথমে কাজাখস্তানের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্র দেখানো হয়। পরে জাদুঘরের বিভিন্ন গ্যালারি হেঁটে ঘুরে দেখেন রাষ্ট্রপতি।
জাদুঘরের পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি।
পরে ‘সিম্বল অব আস্তানা’ নামে পরিচিত ‘বাইতারেখ টাওয়ার’ এ যান আবদুল হামিদ।
২০০২ সালে টাওয়ারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৬ সালে।
মুসলিম বিশ্বের শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে যোগ দিতে শনিবার আস্তানায় পৌঁছান রাষ্ট্রপতি। মঙ্গলবার তার ঢাকা ফেরার কথা রয়েছে।
