২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যা চালাচ্ছে মিয়ানমার: মানবাধিকার কমিশন

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান দমন অভিযানকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 03:00 PM

Updated : 19 Aug 2022, 05:32 PM

রোহিঙ্গা সঙ্কট নিয়ে সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

মিয়ানমারের সরকারকেই রোহিঙ্গা সঙ্কটের সমাধান করতে হবে মন্তব্য করে কাজী রিয়াজুল বলেন, এ লক্ষে আন্তর্জাতিক মহলের উদ্যোগও জরুরি, অন্যথায় আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিজে মিয়ানমারের বিচার করার উদ্যোগ নিতে হবে।

গত ২৪ অগাস্ট রাতে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে চালানো হচ্ছে হত্যা আর ধ্বংসযজ্ঞ। যারা প্রাণে বেঁচে গেছেন, তারা ছুটে আসছেন বাংলাদেশ সীমান্তের দিকে।

দশকের পর দশক ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশে এই দফায় আরও তিন লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে ইতোমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

দমন অভিযানের মুখে ইতোমধ্যে পালিয়ে আসা প্রায় একশ রোহিঙ্গার লাশ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে ভেসে আসতে দেখা গেছে।

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের ঢালে গড়ে ওঠা নতুন শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গাদের কথায়ও নিজের দেশে মৃত্যুর মুখ থেকে পালিয়ে আসার বর্ণনা উঠে এসেছে।

তারা বলছেন, গত দুই সপ্তাহে রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। ১০-১৫ পথ পায়ে হেঁটে বাংলাদেশে আসার পথে কোনো রোহিঙ্গা পরিবারকে স্বাভাবিকভাবে নিজেদের বাড়িতে বসবাস করতে দেখেননি তারা।

রোহিঙ্গাদের নিজেদের নাগরিক মানতে নারাজ মিয়ানমার সরকার এখনও তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের আহ্বানে কোনো সাড়া দেয়নি।

সংবাদ সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নূরুন্নাহার ওসমানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।