২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় অপহরণ: বাংলাদেশে দুই নারীসহ গ্রেপ্তার ৬

লিবিয়ার বিভিন্ন স্থানে অন্তত দেড়শ বাংলাদেশিকে আটকে রেখে কোটি টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টারত একটি চক্রের বাংলাদেশে অবস্থানরত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 12:44 AM

Updated : 11 Oct 2022, 02:31 PM

গ্রেপ্তারদের মধ্যে লিবিয়ায় অপহরণকারী দলের প্রধান বাকির মিয়ার স্ত্রী নাজনীন, অপহরণকারী দলের সদস্য লিবিয়া প্রবাসী জাকির হোসেনের আত্মীয় (স্ত্রীর ভাইয়ের স্ত্রী) বেবী আক্তার এবং একই দলের অপর সদস্য কবির হোসেনের বড়ভাই নুরুল হক রয়েছেন। এছাড়া কামাল উদ্দিন, আবু কাশেম ও মামুন মিয়া নামে তিন বিকাশ এজেন্টকে ধরা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের(পিবিআই) ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ রোববার আগারগাঁওয়ে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গত দুই দিন দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“ভিডিওর মাধ্যমে লিবিয়ায় অপহৃতদের যে চিত্র তারা পাঠিয়েছে তা ভয়াবহ,” বলেন তিনি।

নওগাঁ জেলার রায়নগর থানা এলাকার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব তসলিম প্রামানিকের ছেলে আইয়ুব আলী (২৫) ২০১২ সালে বৈধভাবে লিবিয়া যান। সেখানে একটি পেট্রোলপাম্পে চাকরি করে দেশে টাকাও পাঠিয়ে আসছিলেন।

গত ২১ জুলাই তার ছেলে ফোন করে জানায়, কয়েকজন অজ্ঞাতনামা বাংলাদেশি তাকে অপহরণ করে পাসপোর্টসহ সব কেড়ে নিয়েছে এবং মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা চাচ্ছে। এ সময় মোবাইল অ্যাপ ইমোর মাধ্যমে আইয়ুব আলীর উপর নির্যাতনের দৃশ্য দেখানো হয়।

একই জেলার পতিতলা থানার মো. রব্বানী জানান,  তার ভাই মো. রুবেল (২৮) ২০১৩ সালে টাইলস মিস্ত্রি হিসাবে বৈধভাবে লিবিয়া গিয়ে নিয়মিত টাকা পাঠাতেন। গত ২১ জুলাই একইভাবে লিবিয়া থেকে ফোন আসে এবং নির্যাতনের দৃশ্য দেখিয়ে মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়।

পিবিআই কর্মকর্তা আজাদ বলেন, এই দুই পরিবারের সদস্যদের মধ্যে তসলিম প্রামানিক অপহরণকারী চক্রকে পুরো টাকা দিয়েছেন আর রব্বানী দিয়েছেন অর্ধেকের বেশি।

“কিন্তু অপহরণকারীরা কাউকে না ছেড়ে টাকা চাওয়া অব্যাহত রাখে।”

এই দুটি অভিযোগ পাওয়ার পর তদন্ত করতে গিয়ে একটি বড় চক্রের সন্ধান পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অন্তত ২৫ জনের একটি চক্র রয়েছে যাদের কেউ না কেউ লিবিয়ায় অপহরণকারী দলে সক্রিয়।

“বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে, লিবিয়ায় প্রায় দেড়শ প্রবাসী এই চক্রের কাছে জিম্মি হয়ে আছে। কারও পরিবার কোনো অভিযোগ না করে মোটা অংকের টাকা দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসেন না স্বজনের ক্ষতি হওয়ার ভয়ে।” 

আবুল কালাম আজাদ জানান, অপহৃতদের পরিবারের সদস্যরা যেসব বিকাশ নম্বরে টাকা পাঠাতেন সেগুলোর খোঁজ নিয়ে দেখে যায় এর একটি কিশোরগঞ্জের ভৈরবে, অপর দুটি নরসিংদীর রায়পুরায়।

এই সূত্র ধরে পিবিআইর একটি দল ৭ সেপ্টেম্বর মধ্যরাতে কিশোরগঞ্জের বিকাশ এজেন্ট ‘রুপা মেডিকেল হলের’ মালিক কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অপহরণকারী চক্রের মূল হোতা লিবিয়া প্রবাসী বাকির মিয়ার স্ত্রী নাজনীনকে গ্রেপ্তার করা হয়।

“নাজনীন জানায়, স্বামীর নির্দেশনা অনুযায়ী জুলাই মাসের শেষ সপ্তাহে সে এই বিকাশ এজেন্টের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে।”

পরদিন শুক্রবার নরসিংদীতে পৃথক অভিযান চালিয়ে বিকাশ এজেন্ট আবু কাশেম ও মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বেবী আক্তার ও নুরুল হককে গ্রেপ্তার করা হয়।

“লিবিয়ায় অপহরণকারী দলের সদস্যদের পরামর্শে এই এজেন্টদের কাছ থেকে তারা টাকা গ্রহণ করত,” বলেন পিবিআই কর্মকর্তা আজাদ।

সংবাদ সম্মেলন শেষে অপহরণকারীদের কাছে আটক নওগাঁর আইয়ুব আলীর বাবা তসলিম প্রামানিক কান্নাজড়িত কন্ঠে বলেন,  তার ছেলেকে হাত-পা বেঁধে ঝুলিয়ে লাঠি দিয়ে পেটানো হচ্ছে, আর প্লাস দিয়ে শরীরের চামড়া টানার দৃশ্য তাকে ভিডিওতে দেখানো হয়েছে।

ছেলের মুক্তিপণ হিসেবে এরইমধ্যে পাঁচ লাখ টাকা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, “তাদের দাবির সব টাকা দেওয়ার পরেও তারা আমার ছেলেকে ছাড়ছে না এবং আরও টাকা দাবি করছে।”