২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখলেন বিদেশি কূটনীতিকরা

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তথ্য-চিত্রসহ নানা স্মারক নিয়ে সাজানো মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন ৩৫টি দেশের কূটনীতিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 11:36 PM

Updated : 11 Oct 2022, 02:30 PM

রোববার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকারী কূটনীতিকদের মধ্যে ২০টি দেশের রাষ্ট্রদূত ছিলেন।

এসময় তাদের মুক্তিযুদ্ধের নানা ঘটনা সম্পর্কে জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় বর্বরোচিত হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সেনাবাহিনী, ওই দিনকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি আদায়ে সরকার চেষ্টা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “সে রাতে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালির ওপর নৃশংস অমানবিক হত্যাকাণ্ড চালিয়েছিল। এ দিনটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করছি আমরা।"

স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, “তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়তে হবে। তবেই তারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে।”

কূটনীতিকদের জাদুঘরে স্বাগত জানান মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। তার সঙ্গে জিয়াউদ্দিন তারিক আলী ও মফিজুল হকও উপস্থিত ছিলেন।