হাজারীবাগে র্যাবের গুলিতে দুই ‘ছিনতাইকারী’ আহত
রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে র্যাবের সঙ্গে ‘ছিনতাইকারীদের’ গোলাগুলিতে দুজন আহত হয়েছেন।
রোববার রাতে এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ শেখ কাবুল (৩৮) ও আব্দুল হককে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক ইফতোরুল মাবুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজারীবাগ বেড়িবাঁধের ‘আরএস পেট্রোল’ পাম্পের কাছে ছিনতাইকারীদের একটি দলের অবস্থানের খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে র্যাবের একটি টহল দল সেখানে যায়।
“ঘটনাস্থলে যাওয়া মাত্র ছিনতাইকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে দুজন আহত হয়।”
ঘটনাস্থল থেকে আরও তিনজনকে আটক এবং তাদের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছেন ইফতোরুল মাবুদ।
