রোহিঙ্গা, রায় নিয়ে সংসদে সাধারণ আলোচনা হবে
সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায়ের পর চলমান রোহিঙ্গা সঙ্কটের মধ্যে সংসদ অধিবেশন শুরুর পর দুটি বিষয় আলোচনায় উঠবে বলেই মনে করা হচ্ছিল।
রোববার দশম সংসদের সপ্তদশ অধিবেশন শুরুর পর দুটি বিষয় নিয়ে সংসদ সদস্যদের মধ্য থেকে কয়েকজন অনির্ধারিত আলোচনা শুরু করতে চাইলে তাতে বাদ সাধেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
তখন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় এই দুটি বিষয়ে পৃথক দুদিনে আলোচনার কথা বলেন।
তিনি নোটিস দেওয়ার কথা জানালে অধিবেশনে সভাপতিত্বকারী ফজলে রাব্বী বলেন, নোটিস এলে স্পিকার সংসদ নেতার সঙ্গে আলোচনা করে দিন নির্ধারণ করবেন।
সংসদের সংক্ষিপ্ত এই অধিবেশন পাঁচ দিন চালানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে তা আগামী বৃহস্পতিবার শেষ হবে।
সংসদের ষোড়শ অধিবেশন শেষের পর সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে।
ওই রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে খাটো করা হয়েছে বলে প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের দাবিও তুলেছেন আওয়ামী লীগের অনেক নেতা।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা আইন সভার আনতে সংসদের আনা সংবিধানের ওই সংশোধন বাতিল করায় আদালতের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা।
ওই রায় নিয়ে গত মাসজুড়ে রাজনৈতিক অঙ্গন সরব থাকার পর শেষ দিকে তা ম্লান হয়ে যায় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের স্রোতে।
মিয়ানমারের রাখাইন প্রদেশে যুগের পর যুগ ধরে বসবাসরত মুসলিম রোহিঙ্গাদের প্রায় এক-তৃতীয়াংশ নিপীড়নের শিকার হয়ে কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান নিয়ে আছে।
তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি। উল্টো তারা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে মানতেই নারাজ।
এর মধ্যে গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এই পর্যন্ত ৩ লাখের মতো রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সেনা ও পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর এই অভিযান শুরুর কথা মিয়ানমার সরকার বললেও শরণার্থীরা বলছেন, রাখাইনে নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি লুটপাট ও জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
পলায়নপর রোহিঙ্গাদের দিকে গুলিবর্ষণের পাশাপাশি এই সময়ে বাংলাদেশের আকাশসীমাও লঙ্ঘন করেছে মিয়ানমারের হেলিকপ্টার।
স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী সংসদে রোহিঙ্গা প্রসঙ্গ তুলে বলেন, “মনে হয় সারা বিশ্বের বিবেক নিস্তব্ধ, কিন্তু বাংলাদেশের মানুষের বিবেক জাগ্রত। এক ধরনের পশু শ্রেণির মানুষের তাণ্ডবে আমরা হতবাক।
“আমাদের পাশ্ববর্তী দেশ মায়ানমার। এটা এক সময় ছিল আরাকান রাজ্য। ইতিহাসের কালস্রোতে এটা চলে চায় বার্মার হাতে। সেখানে অনেক মুসলমান বাস করে। সেখানে তাদের উপর বারবার আক্রমণ করা হচ্ছে।”
স্বতন্ত্র এই সংসদ সদস্যকে থামিয়ে দিয়ে ডেপুটি স্পিকার বলেন, “আপনি জাগ্রত মানুষের পক্ষে যদি বিধি অনুযায়ী একটি নোটিস দেন, বিধিসম্মতভাবে সেই নোটিস গৃহীত হবে। সংসদে একটি ফলপ্রসূ আলোচনা হবে।
“অন্যথায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথাগুলো বলে কালক্ষেপণ করার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না।”
এরপর তাহজীব উল আলম সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, নোটিস দিয়ে আলোচনাকে সমর্থন করেন।
এরপর মন্ত্রী তোফায়েল বলেন, “আমাদের সামনে দুটো গুরুত্বপূর্ণ ইস্যু আছে। একটি হল রোহিঙ্গা সমস্যা। এই সমস্যা নিয়ে আমরা সংসদে বিস্তারিত আলোচনা করতে চাই।
“আর দ্বিতীয় বিষয়টি হল আমাদের জাতীয় সংসদ সার্বভৌম, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তারা এ জাতীয় সংসদের সদস্য। এ বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব।”
“সুপ্রিম কোর্ট যে একটা রায় দিয়েছে এবং তার অবজারভেশন দিয়েছে তা দেশ ও জাতিকে বিস্মিত করেছে, অবাক করেছে।”
“যথাযথভাবে আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে চাই। দুটো বিষয় নিয়ে আমরা সেইভাবে নোটিস দেব,” বলেন তোফায়েল।
সবশেষে ডেপুটি স্পিকার বলেন, “বিধি অনুযায়ী নোটিস এলে এ বিষয়টি বিবেচনা করে দুটি দিন নির্ধারণ করা হবে। স্পিকার সংসদ নেতার সঙ্গে পরামর্শক্রমে সেই দিন নির্ধারণ করবেন।”
