নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে ইসলামী আন্দোলন
একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে ও সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পাশাপাশি সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে আইন প্রণয়নেরও সপারিশ করেছে দলটি।
রোববার নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে ১৫ দফা সুপারিশ তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মো.মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীরনেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
বিকাল ৩টা থেকে দেড় ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে তিনি বলেন, “আমরা দলের পক্ষ থেকে ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরেছি। ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সুপারিশ করেছি।”
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সভাপতিত্ব করেন। এসময় অন্য কমিশনাররা ও ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ ভেঙেঅন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনী পরিবেশ তৈরি করা, অনলাইনে মনোনয়ন দাখিল, ভোটের একদিন আগে সেনা মোতায়েন, ইভিএম ব্যবহার না করা, নির্বাচনী জামানত ১০ হাজার টাকা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমুলক নির্বাচন পদ্ধতি প্রণয়ন, নির্বাচনী ব্যয় কমানো, সবার জন্য সমান সুযোগ সৃষ্টিসহ ১৫ দফা সুপারিশ করে দলটি।
এর আগে সকালে ইসির সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার বিধান বাতিলসহ ১০ দফা সুপারিশ রাখে দলটি।
মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিশ ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ রয়েছে।
