যানজট নিরসনে ‘চলমান পথের’ ধারণা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অসহনীয় যানজট নিরসনে ‘চলন্ত রাস্তা’ নামে নতুন এক ধারণা উপস্থাপন করা হয়েছে।
‘পরিবেশবান্ধব’ ও ‘কম খরচের’ এই পদ্ধতি বাস্তবায়ন হলে যানজট নিরসনের পাশাপাশি গণপারিবহন নিয়ন্ত্রণও অনেকটা সহজ হয়ে আসবে বলে প্রস্তাবকারীরা বলছেন।
শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘চলন্ত রাস্তা: পরিবহন পদ্ধতিতে নতুন ধারণা’ শীর্ষক এক সভায় এ নিয়ে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলতান আহমেদ, বিআরটিসির কারিগরি শাখার সাবেক পরিচালক কে এস ফিরোজ ও তড়িৎ প্রকৌশলী জহির আহমেদ।
এ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করে উন্নয়ন গবেষক আবু সাঈয়ীদ বলেন, “চলন্ত রাস্তা ধারণাটি বিকল্প পথ, রোড অ্যান্ড ভেহিকেল ডাইভারসিফিকেশন, পণ্য হ্রাস বা নিয়ন্ত্রণের ভিত্তিতে দাঁড় করানো হয়েছে।”
এর নির্মাণ ও কারিগরি দিক সম্পর্কে বলা হয়, ট্রেন বা কনভয়ের কারিগরি ধারণার ভিত্তিতে ‘চলন্ত রাস্তা’ নির্মিত হবে। প্রতিটি লেইনের জন্য দুটি করে রেল লাইন স্থাপিত হবে। রেল লাইনের উপর দিয়ে ৬ থেকে ৮ ইঞ্চি ব্যাসের চাকা চলন্ত রাস্তাকে চলমান রাখবে। আড়াআড়িভাবে ২টি চাকার উপর ৮ থেকে ১২ ইঞ্চি উপরে একটি করে পাটাতন স্থাপিত হবে। পাটাতন হবে লোহার তৈরি।
নির্ধারিত অশ্বশক্তি সম্পন্ন স্টিলের তৈরি ইলেকট্রিক মোটরগাড়ি যাত্রী পরিবহন করবে। মোটরের গতি নিয়ন্ত্রণ করবে ভেরিয়েবল স্পিড ড্রাইভার। যাত্রী সংখ্যার উপর নির্ভর করছে কয়টি সিরিজের মোটর চালু হবে।
পাটাতনের উপর চেয়ার বসানো থাকবে, থাকবে বসার ব্যবস্থাও। প্ল্যাটফর্মের বিপরীত দিকে স্থির রাস্তার দিকে গ্রিল ও প্লাস্টিকের স্বচ্ছ দেয়াল থাকবে। গ্রিল ও দেয়ালের মাঝে থাকবে চলন্ত রাস্তার দরজা।
‘চলন্ত রাস্তার’ থামা, চলা, গতিবেগ একটি কক্ষ থেকে সিস্টেম অটোমেশনে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে।
প্রাথমিকভাবে কাগজের টিকেট পদ্ধতিই চালু করা হবে। চলন্ত রাস্তার প্রতি ৩০ মিটারের জন্য একজন গাইড থাকবে। গাইড যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়ার পাশাপাশি লেইন পরিবর্তনসহ বিবিধ নিয়মকানুন সম্পর্কে অবহিত করবে।
মডেলে বলা হয়, রাস্তার মাঝ বরাবর এবং রাস্তার দুই পাশ বরাবর ‘চলন্ত রাস্তা’ প্রতিষ্ঠা করা যেতে পারে।
রাস্তার মাঝে ডিভাইডার বরাবর ৮ ফুট জায়গা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে। এর দুই পাশে রাস্তার মাঝ বরাবর ১ লেনের ‘চলন্ত রাস্তা’ প্রতিষ্ঠার জন্য ২০ ফুট, ২ লেনের জন্য ৩২ ফুট, ৩ লেনের জন্য ৪৪ ফুট জায়গার প্রয়োজন হবে। জলাবদ্ধতার দিকটি বিবেচনায় রেখে রাস্তাটি ৩ থেকে ৪ ফুট উচ্চতায় স্থাপনের কথা বলা হয়েছে এই মডেলে।
রাস্তার দুই পাশ বরাবর ‘চলন্ত রাস্তা’ স্থাপন করতে গেলে তা ভূমি থেকে ১০ ফুট উপরে স্থাপন করার পরামর্শ দেওয়া হয়েছে। চলন্ত রাস্তার নিচে থাকবে ফুটপাত, তার উপরে নির্মিত হবে প্ল্যাটফর্ম।
‘চলন্ত রাস্তার’ নির্মাণ ব্যয় প্রসঙ্গে বলা হয়েছে, ঢাকার ভেতরে ৪০০ কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমানিক ২০ হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উদ্যোগের কথা বলা হয়েছে।
