সংসদ বসছে রোববার, অস্ত্র বহন ও সমাবেশ নিষিদ্ধ
রোববারের জাতীয় সংসদের আগামী অধিবেশন সামনে রেখে মধ্যরাত থেকে সংশ্লিষ্ট এলাকায় অস্ত্রবহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া শনিবার আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করেন, যা অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
আদেশে বলা হয়, অধিবেশন নির্বিঘ্নে চলার লক্ষ্যে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শনিবার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে আদেশে বলা হয়েছে।
জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন বসছে রোববার বিকাল ৫টায় শুরু হবে। অধিবেশনের আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি ঠিক করা হবে।
এর আগে গত ১৩ জুলাই শেষ হয় সংসদের ষোড়শ অধিবেশন। ওই অধিবেশনেই চলতি অর্থবছরের বাজেট পাস হয়।
