বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন বলে আমি প্রধান বিচারপতি: বিচারপতি সিনহা
সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে সমালোচনার মুখে থাকা বিচারপতি এস কে সিনহা তার প্রধান বিচারপতি হওয়ার ক্ষেত্রে জাতির জনকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেছেন. “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন বলে দেশের ৬৪টি জেলায় উকিলবার স্থাপন করা হয়েছে।”
বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির ১ নম্বর বার ভবনের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধান বিচারপতি।
ষোড়শ সংশোধন বাতিলের রায়ের বিচারপতি সিনহা যে পর্যবেক্ষণে দিয়েছেন, তাতে বঙ্গবন্ধুকে খাটো করা হয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের নেতাদের।
এই অভিযোগ তোলার পর প্রধান বিচারপতির পদত্যাগও দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। বঙ্গবন্ধু না থাকলে বিচারপতি সিনহার প্রধান বিচারপতি হওয়া হত না বলেও মন্তব্য এসেছে ক্ষমতাসীন দলের নেতাদের কাছ থেকে।
তার মধ্যেই মৌলভীবাজারের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অবদানের কথা বললেন বিচারপতি সিনহা।
আইনজীবীদের এই অনুষ্ঠানে মেধা পাচার বন্ধের পথ বের করার উপর জোর দেন তিনি। বাংলাদেশের আইনগুলো আধুনিক ও যুগোপযোগী করতেও সরকারকে তিনি অনুরোধ করেন।
তিনি বলেন, “আমি প্রধান বিচারপতি, আমারও সাইবার ক্রাইম বিষয়ে শিক্ষা নেই। আমাদের আইনজীবীদের সাইবার ক্রাইম ল বিষয়ে লেখাপড়া নেই। তাই সাইবার ক্রাইম ল বিষয়ে আমাদের পড়তে হবে।”
ধনী ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান বিচারপতি।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি রনজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা দায়রা জজ মো. আবু তাহের, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজি এম আল মাসুদ, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট সমর কান্তি দাশ চৌধুরী, অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।
