২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে প্রায় ৪ কেজি সোনা জব্দ, গ্রেপ্তার ৩

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি ৮০০ গ্রাম সোনাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 08:40 PM

Updated : 11 Oct 2022, 02:30 PM

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমান ও থাই এয়ারওয়েজের দুটি ফ্লাইট থেকে নামা যাত্রীদের কাছ থেকে এসব সোনা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার মো.সাইদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটের যাত্রী শাখাওয়াত হোসেনের (৩৯) কাছ থেকে তিন কেজি সোনা জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই যাত্রী মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে ঢাকায় আসে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার ব্যাগেজ স্ক্যান করে ধাতব বস্তু শনাক্ত করা হয়।

“এরপর ব্যাগ খুলে ভেতর থেকে বাদামি স্কচটেপ পেচানো দুটি প্যাকেট থেকে ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার ও এককেজি ওজনের দুটি সোনার বার পাওয়া যায়।”

তিন কেজি ওজনের এসব সোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি৮৭ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের মোট ৮টি সোনার বার জব্দ করা হয় বলে এক ফেইসবুক বিবৃতিতে জানানো হয়েছে।

এরা হলেন- জামালপুর সদরের মাসুদ খানের স্ত্রী জাবিন খান ও নারায়ণগঞ্জের ফতুল্লার এম এ ওয়াদুদের ছেলে আবদুল খালেক।

তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তল্লাশি চালিয়ে জাবিনের জুতার ভেতর থেকে ১০০ গ্রামের চারটি ও খালেকের হ্যান্ড ব্যাগ থেকে আরও চারটি সোনার বার পাওয়া যায় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জব্দ করা এসব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।