রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার সুপ্রিম কোর্ট সমিতি ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান সমিতির নেতারা।
একইসঙ্গে অং সান সুচিকে দেওয়া নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য তুলে ধরেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন।
এ সময় সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজি উল্লাহ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, সহ-সম্পাদক ব্যারিস্টার শফিকুল ইসলাম, সদস্য তাহসীন আলী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, “মিয়ানমারে আজ বিশ্ব মানবতা ভুলুণ্ঠিত, চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবতা। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ও মদদে এ নারকীয় ঘটনা ঘটছে।”
এই অবস্থায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিশ্ববাসীর প্রতি মিয়ানমারে এই ‘নারকীয়’ হত্যাযজ্ঞ বন্ধে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে।
রোহিঙ্গা হত্যাকাণ্ড বন্ধ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করারও আহ্বান জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা।
লিখিত বক্তব্যে বলা হয়, “আমরা আশা করছি, যতদিন রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার, ধর্ষণ, নির্যাতন, হত্যা বন্ধ না হচ্ছে ততদিন বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সাহায্য অব্যাহত রাখবে।”
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন ও অত্যাচারে বাংলাদেশের এক কোটি মানুষ প্রতিবেশী ভারতে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে এতে বলা হয়, “আজ মিয়ানমারের নিরস্ত্র মানুষেরা সে দেশের সরকার-নিরাপত্তা বাহিনীর অত্যাচারের শিকার। অতীতের কথা মনে করে আজ বাংলাদেশের উচিৎ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, তাদের সহযোগিতা করা।”
রোহিঙ্গাদের ওপর নিপীড়ন নিয়ে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ দায়েরের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান সমিতির নেতারা।
রোহিঙ্গা হত্যাকাণ্ড বন্ধ না হলে মিয়ানমারে যাওয়াসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
