২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিরপুরের জঙ্গি আস্তানায় বিস্ফোরক, ভেতরে ৭ জন’

ঢাকার মিরপুর মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ছয় তলা ভবনের ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলে ধারণা করছে র‌্যাব। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 12:55 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

পুরনো খবর:

মিরপুরের ‘জঙ্গিকে’ আত্মসমর্পণের আহ্বান, বাসিন্দাদের অপসারণ

এ বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ বলছেন, আবদুল্লাহ নামের ‘দুর্ধর্ষ’ এক জঙ্গি, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ মোট সাতজন ওই ভবনের পঞ্চম তলায় অবস্থান নিয়ে আছে বলে তারা জানতে পেরেছেন। 

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ঘটনাস্থলের কাছে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করতে বলেছি। সে সময় চেয়েছে। যেহেতু ভেতরে দুটি বাচ্চা রয়েছে, আমরা তাকে সময় দেব। চূড়ান্ত অভিযানের জন্য আমরা প্রস্তুত। এখন তার সিদ্ধান্তের ওপরই সব কিছু নির্ভর করছে।”

ইতোমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পুরো এলাকা র‌্যাব ঘিরে রাখায় স্থানীয় বাসিন্দাদের সময় কাটছে একপ্রকার বন্দি অবস্থায় উৎকণ্ঠার মধ্যে।

টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে ‘জেএমবির জঙ্গি’ দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্র আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে ঢাকায় র‌্যাবের এই অভিযান শুরু হয়।

দারুস সালাম থানা এলাকায় মাজার রোডের পাশে বর্ধনবাড়ি ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি হোল্ডিংয়ে ছয় তলা ওই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ নামের এক ব্যক্তি। তিনি নিজেও পরিবার নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।   

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র‌্যাব ওই বাড়ি ঘিরে ফেলার পর রাত ১টার দিকে সেখান থেকে চারটি বোমা ছোড়া হয়।

“ওই বাড়ি থেকে ছোড়া বোমার মধ্যে পেট্রোল বোমাও ছিল। ফলে বাইরে পড়ার পর সেখানে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হয়নি। ওই বাড়ি থেকে র‌্যাবের দিকে গুলিও ছোড়া হয়।”

রাতে ওই বিস্ফোরণের পর ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই বাড়ির সামনের অংশে পানি ছিটানো হয়।

চূড়ান্ত অভিযানের প্রস্তুতি হিসেবে ওই ভবনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টির বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ শুরু করেন র‌্যাব সদস্যরা। 

মুফতি মাহমুদ খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবন থেকে ৬৫ জনকে সরিয়ে এনে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন শিশু, ২৪ জন নারী ও ২৬ জন পুরুষ।

তিনি বলেন, মোবাইল ফোনে আবদুল্লাহ নামের ওই ‘জঙ্গির’ সঙ্গে যোগাযোগ করে তারা আত্মসমর্পণের আহ্বান জানান। জবাবে আবদুল্লাহ ভেবে দেখার জন্য সময় নেন।

“যাদের সরিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে আবদুল্লাহর এক বোনও আছে। আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করার সময় সেই বলেছে, যেন অন্যদের সঙ্গে তার বোনকেও সরিয়ে নেওয়া হয়।”

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ সকালে ঘটনাস্থলে আসেন এবং পুরো পরিস্থিতি ঘুরে দেখার পর সাংবাদিকদের ব্রিফ করেন।

আবদুল্লাহকে ‘দুর্ধর্ষ জঙ্গি’ হিসেবে বর্ণনা করে বেনজীর বলেন, ২০০৫ সাল থেকে সে জঙ্গিবাদে জড়িত। দীর্ঘদিন ধরে সে মিরপুর মাজার রোডে বসবাস করে আসছে। কবুতরের ব্যবসার পাশাপাশি আইপিএস ও ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজেও সে জড়িত ছিল।

“সে র‌্যাবকে বলেছে, তার কক্ষে ৫০টির মত আইইডি আছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ রয়েছে। গত রাতে অভিযান শুরুর পর ওইদিক থেকে গুলি করা হয়েছিল। তার কাছে একটি পিস্তলও থাকতে পারে বলে আমরা ধারণা করছি।”

এর আগে গত ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের সকালে ঢাকার পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যদের অভিযানের মধ্যে নব্য জেএমবির সন্দেহভাজন এক জঙ্গি সুইসাইড ভেস্টে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়।

সাইফুল ইসলাম নামের ওই জঙ্গি জাতীয় শোক দিবসের অনুষ্ঠান ঘিরে হামলার পরিকল্পনায় ছিলেন বলে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সে সময় জানিয়েছিলেন।