২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পরও লঞ্চে ঢাকা ছাড়ার ভিড়

ঈদ পার হলেও নদী পথে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড় রয়েছে সদরঘাটে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 09:08 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

রোববার বিকালেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সামলাতে হয়েছে লঞ্চকর্মীদের।

লঞ্চের কেবিন, ডেকের মেঝে পূর্ণ হয়ে যাওয়ায় অনেকেই ছাদে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।  

যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে এদিন কোনো কোনো লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে নির্ধারিত সময়ের আগেই। ফলে অনেক যাত্রী লঞ্চ ধরতে না পেরে বাড়ি ফিরে গেছেন।

ভোলার মনপুরা যাওয়ার জন্য সদরঘাটে এসে লঞ্চ পাননি বাংলামোটরের বাসিন্দা লিমা। 

তিনি বলেন, “ভেবেছিলাম ঈদের পর লঞ্চে ভিড় কমে যাবে। বিকাল সাড়ে ৪টায় বাহাদুরশাহ পার্কের কাছে এসে যানজটে পড়ি। ৫টার দিকে ঘাটে এসে দেখি লঞ্চ ছেড়ে গেছে। বাধ্য হয়ে এখন বাসায় চলে যাচ্ছি।”

ভোলাগামী লঞ্চের যাত্রী শাহাবুদ্দিন জানান, ঢাকা ও গ্রামের বাড়ি দুই জায়গাতেই পশু কোরবানি দিয়েছেন তারা। পরিবারের অনেকে ঈদের আগে বাড়ি ফিরলেও তারা কয়েকজন ঢাকায় ছিলেন। ঈদ শেষে কয়েক দিনের জন্য ভোলায় যাচ্ছেন সবার সঙ্গে কাটাতে।

বিআইডব্লিউটিএর নৌযান পরিদর্শক নিয়াজ মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাটে যাত্রীর চাপ ছিল সকাল থেকেই। বিকাল ৪টার পর তা অনেক বেড়ে যায়।

তিনি জানান, সকাল থেকে ৪০টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। আরও ২০টি লঞ্চ ছাড়ার অপেক্ষায় রয়েছে।

এমভি টিপু লঞ্চের ব্যবস্থাপক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের পরের দিন হলেও দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোতে যাত্রীর চাপ বেশি ছিল। অতিরিক্ত যাত্রী উঠতে থাকায় নির্ধারিত সময়ের আগেই অনেক লঞ্চ ঘাট ছেড়ে গেছে।

হাতিয়াগামী ফারহান-৪ লঞ্চের ঘাট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল সাড়ে ৫টায়। তবে যাত্রী বেশি হয়ে যাওয়ায় বাধ্য হয়ে ৫টার দিকেই ঘাট থেকে লঞ্চ সরিয়ে ফেলা হয় বলে জানান তিনি।