পশু জবাইয়ের নির্ধারিত জায়গা কোনটি, ‘জানেন না’ তারা
বর্জ্য ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি দূষণ এড়াতে তিন বছর ধরে ঢাকায় কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দেওয়া হলেও বিষয়টি নাগরিকদের মর্জির ওপর ছেড়ে দেওয়ায় সাফল্য পাচ্ছে না নগর কর্তৃপক্ষ।
শনিবার ঈদের দিন দুই সিটি করপোরেশনে পশু জবাইয়ের জন্য নির্ধারিত ডজনখানেক স্থান ঘুরে খুব কম সংখ্যক পশুই কোরবানি হতে দেখা গেছে। অথচ কাছেই অলিতে গলিতে, রাস্তার ওপর, বা বাসাবাড়ির সিঁড়িঘরে বা সামনে ফাঁকা জায়গায় পশু জবাই হয়েছে অনেক।
নির্ধারিত স্থানে পশু জবাই না করার পেছনে দূরত্বসহ বিভিন্ন কারণের কথা বলেছেন নাগরিকরা। তবে বেশিরভাগই বলেছেন, স্থান নির্ধারণের কথা শুনলেও নিজের বাড়ির কাছে নির্ধারিত স্থানটি কোথায়- তা তারা জানেন না। প্রশ্ন করায় কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন।
এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৪৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি স্থানকে পশু জবাইয়ের জন্য নির্ধারণ করে তার তালিকা প্রকাশ করা হয়েছিল সংবাদমাধ্যমে।
বলা হয়েছিল, নির্ধারিত স্থানগুলোতে একজন করে ইমাম এবং একজন প্রশিক্ষিত কসাই থাকবেন। সেখানে প্যান্ডেল করে দেওয়া হবে, থাকবে পানির ব্যবস্থাও।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈন খোকন এ নিয়ে নগরবাসীকে সচেতন করতে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণও করেছিলেন।
কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর অঞ্চলের মনিপুর, মহাখালী ও আগারগাঁও এলাকা এবং দক্ষিণের যাত্রাবাড়ী, নারিন্দা, সায়েদাবাদ, মুগদা, মানিকনগর, বাসাবো, শাজাহানপুর ও ফকিরাপুল এলাকা ঘুরে দেখা যায়, কিছুদূর পরপরই রাস্তার ওপর পশু জবাই চলছে। ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত এবং পশুবর্জ্য। কোথাও কোথাও কাজ সারা হচ্ছে রাস্তা আটকে।
“তাছাড়া এলাকার সবাই তো যার যার বাসার সামনে বা গ্যারেজের মধ্যেই জবাই দিচ্ছে।”
অথচ মোবারকের বাড়ি থেকে দুশ গজের মধ্যেই আগারগাঁও ৬০ ফিট সড়কে পশু কোরবানির নির্ধারিত একটি স্থান ছিল।
উত্তরা-৩ নম্বর সেক্টরের একটি মসজিদের মোয়াজ্জিন আলী হোসেন জানান, তিনি ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পাঁচটি গরু ও দুটি বকরি জবাই করে দিয়েছেন।
এক কিলোমিটার দূরত্বে ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডের পার্কের পাশে যে পশু জবাইয়ের একটি জায়গা নির্ধারিত আছে, সে বিষয়টি জানা ছিল না বলে তার ভাষ্য।
উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দাও বললেন, স্থান নির্ধারণের কথা তারা শুনেছেন। কিন্তু সেই জায়গাটি কোথায়, তা জানতে পারেননি। নিজেদের বাড়ির সামনেই তারা কোরবানি দিয়েছেন।
পশ্চিম মনিপুরের একটি তিন রাস্তার মোড়ে শামীম আহমেদ নামে এক স্থানীয় বাসিন্দার দুটি গরু জবাই হচ্ছিল। অথচ ওই মোড়ের দেড় থেকে দুশ গজের মধ্যে পূর্ব দিকে বারেক মোল্লার মোড় এবং পশ্চিমে কাশেমের দোকান এলাকায় দুটি স্থান পশু জবাইয়ের জন্য ঠিক করে দেওয়া ছিল।
দক্ষিণ পীরেরবাগ মুক্তি হাউজিং এলাকায় সিটি করপোরেশনের নির্ধারিত মোয়াজ্জিন ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার এলাকায় যে যেখানে পেরেছে পশু জবাই দিয়েছে। নির্ধারিত কোনো স্থান সম্পর্কে তাকে কেউ কিছু জানায়নি।
“বিষয়টা নিয়ে গত দুই বছর ধরেই আলোচনা শুনছি। কিন্তু ওরকম করে কেউ নির্ধারিত স্থান সম্পর্কে বলে দেয়নি।
সিটি করপোরেশনের পক্ষ থেকে উত্তরা ১২ নম্বর সেক্টরে কল্যাণ সমিতির কার্যালয়ের পাশে পশু জবাইয়ের একটি স্থান নির্ধারিত ছিল। সেখানে বেশ কিছু পশু জবাই হলেও আশপাশের এলাকার অনেক বাসিন্দা নিজের বাড়ির সামনেই পশু জবাই দিয়েছেন বলে জানালেন পশু জবাইয়ের দায়িত্ব পাওয়া মো. আবু বকর সিদ্দিক।
যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক ঘুরে বেলা ২টা পর্যন্ত সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু জবাইয়ের কোনো তথ্য পাওয়া যায়নি। সব পশু জবাই হয়েছে রাস্তায়। চামড়া ছাড়িয়ে গোবর, নাড়িভুড়ি, রক্ত রাস্তার পাশে বা নালায় ফেলে দেওয়া হচ্ছে।
যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের ৮৮/১ বাড়ির সামনে তিনটি গরু জবাই করে মাংস কাটতে দেখা যায়।
সিটি করপোরেশনের নির্ধারিত স্থানটি কোথায় জানতে চাইলে তিনি বলেন, “উত্তর যাত্রাবাড়ী প্রাইমারি স্কুলের কাছে ঠিক করা হইছে শুনছি, কিন্তু ওইটা অন্য পঞ্চায়েতরা করছে, আর সেটা অনেক দূরে।”
যাত্রাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের কাছে উত্তর যাত্রবাড়ী ওয়াপদা সড়কের পুরোটা জুড়েই যান চলাচল বন্ধ করে দিয়ে পশু জবাই চলতে দেখা যায়।
সেখানে রফিকুল ইসলাম নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্ধারিত স্থান কোনটা তা তারা জানেন না। এ বিষয়ে কোনো মাইকিং বা প্রচারও তাদের কানে আসেনি।
“যদি প্রচার চালাইত, তাহলে ১০০ জনের মধ্যে ২০ জন তো জানত। খবরে পড়েছিলাম তারা (সিটি করপোরেশন) ব্লিচিং পাউডার দিব, কিন্তু দেয় নাই।”
ব্যতিক্রম পাওয়া গেল যাত্রাবাড়ীর মুন্সিবাড়ী রোডে জবাইয়ের নির্ধারিত স্থানে। সেখানে বেলা ১২টা পর্যন্ত ২০টি পশু জবাই হয়েছে বলে সেখানে থাকা দুলাল মুন্সী জানালেন।
তিনি বলেন, “আমাগো মহল্লায় মোটামুটি সবাই এইখানে পশু জবাই করেছে, এরপর যার যার বাড়ি নিয়া কাটাকাটি করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গতবছর এই সড়কে একটি পশু জবাইয়ের জায়গা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এবার দেওয়া হয়নি। গতবার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পর বাসায় নিয়ে মাংস কাটার কাজ হয়েছিল। এবার জায়গা নির্ধারণ না করায় সড়কেই করতে হচ্ছে।”
সবুজবাগ থানার মোড় থেকে বাসাবো মাঠ পর্যন্ত বাসাবোর প্রধান সড়কে বৃষ্টির পানির সঙ্গে কোরবানি পশুর রক্ত মিশে থাকতে দেখা যায়।
দক্ষিণ বাসাবোর বাসিন্দা মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এমনিতেই সাফার করি, এখন আরও বেশি সাফার করতে হবে। কারণ রক্ত এবং ময়লা মিশ্রিত পানি এখনই দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে, আরও বেশি দুর্গন্ধ বাড়বে।”
সোনালী ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উত্তর বাসাবো মসজিদের কাছে একটি জায়গা নির্ধারণ করা হলেও বাসাবো মাঠ ও আশপাশের এলাকার মানুষের জন্য আলাদা কোনো জায়গা ঠিক করে দেওয়া হয়নি।
“আমাদের এলাকায় বাড়ির আশেপাশে প্রায় শতাধিক গরু কোরবানি করা হয়েছে, সবই রাস্তায়।”
নির্ধারিত স্থানের কথা জানাতে যথেষ্ট প্রচার চালানো হয়নি বলে যে অভিযোগ নাগরিকদের অনেকে করেছেন, তা সঠিক নয় বলে দাবি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম।
বিকালে ধোলাই খাল এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ‘নির্ধারিত স্থান’ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন।
জবাবে তিনি বলেন, “নাগরিকদের আগ্রহ কম। তবে লোকজনের আগ্রহ বাড়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সংস্কৃতিগত একটা বিষয় আছে, বাড়ির সামনের কোরবানি দিতে চায়। কিন্তু আমরা নাগরিকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। তারা যেন নির্ধারিত স্থানে পশু কোরবানি করেন।”
নির্ধারিত জায়গায় গিয়ে পশু কোরবানির ধারণাটি নগরীর বাসিন্দাদের কাছে ‘এখনও নতুন’ মন্তব্য করে তিনি বলেন, “আশা করছি ধীরে ধীরে মানুষ এতে অভ্যস্ত হয়ে যাবে।”
