২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ হবে শান্তির দেশ: প্রধানমন্ত্রী

ঈদের সকালে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 02:51 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

শনিবার গণভবনের এই ঈদ আয়োজনে তিনি বলেন, “দক্ষিণ এশিয়ার বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ এবং উন্নত সমৃদ্ধ দেশ।... আমাদের এই মাতৃভূমি বিশ্ব দরবারে যেন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করব।”

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তারপর বিচারপতি, কূটনীতিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের নাগরিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অতিথিদের আপ্যায়ন করা হয় সেমাই, সন্দেশ আর ফল দিয়ে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুলের তোড়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ সময় মূল মঞ্চে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে ছিলন তার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল এবং পুতুলের ছেলে জারিফ।

সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একে একে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এ সময়।

প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সমাধানের জন্য ব্যক্তিগত কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

এর মাঝেই পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সমবেতদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

Image
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধান বিচারপতি

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধান বিচারপতি

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং যারা এবার হজ করেছেন, তাদের মোবারকবাদ জানিয়ে তিনি বলেন, “আপনারা সকলে দোয়া করবেন, উন্নয়নের পথে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি; তা যেন অব্যাহত থাকে।”

এ ঈদের তাৎপর্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা পবিত্র ঈদুল আজহার মাধ্যমে এটাই শিখি; কীভাবে আত্মত্যাগ করা যায়।”

সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “কিছুদিন আগে বন্যা হয়েছে। সে বন্যা আমরা মোকাবেলা করেছি। নদীভাঙায় যারা ক্ষতিগ্রস্ত; তাদের ঘরবাড়ি তৈরি করা থেকে সব ব্যবস্থা আমরা নিয়েছি। ইনশাল্লাহ, এই বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।”

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং তার ফল দেশবাসী পাচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আজ বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ।”

জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সকলেই লক্ষ্য রাখবেন, যেন আমাদের এই দেশে আমাদের যুব সমাজ যেন বিপথে না যায়। মাদকাসক্তি বা জঙ্গিবাদের সঙ্গে যেন জড়িত না হয়।”

শুভেচ্ছা বিনিময় পর্বে বেলা সোয়া ১১টার দিকে প্রধান বিচারপতি এস কে সিনহা গণভবনে আসেন।  তিনি নির্ধারিত বসার জায়গায় গেলে শেখ রেহানা সেখানে যান এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলেন।

কূটনীতিকসহ অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী তার নির্ধারিত আসনে যাওয়ার সময় প্রধান বিচারপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর ডান দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বাঁ দিকে প্রধান বিচারপতির বসার জায়গা নির্ধারিত ছিল।

প্রধানমন্ত্রী তার আসনে বসার পর বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান তার সঙ্গে কুশল বিনিময় করেন।

বাংলাদেশের এই তারকা ক্রিকেটার এ সময় প্রধানমন্ত্রীর সোফার পাশে হাঁটু মুড়ে বসেন। সরকারপ্রধান এ সময় সাকিবের মাথায় হাত বুলিয়ে দেন এবং নিজের প্লেট থেকে কাটা চামচে তুলে ফল ও মিষ্টি খাইয়ে দেন।

পরে প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন এবং একসঙ্গে সবার ছবি তোলা হয়।