২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির পর রোদ, নগরজুড়ে পশু জবাই

বৃষ্টির সকালে নামাজের পর দিন গড়াতে গরু-ছাগল জবাই, মাংস বিলি আর রান্না-খাওয়ায় উৎসবের আমেজে ঈদুল আজহা উদযাপন করছেন সারাদেশে মুসলমানরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 11:50 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

পুরনো খবর:

বৃষ্টি মাথায় ঈদের সকাল

প্রতিবারের মতো শনিবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। দিনাজপুরের গোর-এ শহীদ মড় ময়দানে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে বড় ঈদ জামাত হয়েছে।

রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য আর বিচারপতিসহ সর্বস্তরের মানুষ সেখানে ঈদের নামাজের পর দেশবাসীর কল‌্যাণ কামনায় মোনাজাতে হাত তোলেন।

জাতীয় ঈদগাহের নামাজ ঠিকভাবে হলেও ঢাকার বিভিন্ন স্থানে খোলা মাঠে নির্ধারিত ঈদ জামাত হতে পারেনি। বৃষ্টির কারণে ঈদ জামাত সরিয়ে নেওয়া হয় বিভিন্ন মসজিদে।

বরাবরের মতই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পাঁচটি ঈদ জামাত হয়েছে। ঈদের আনন্দে বৃষ্টির বাগড়া দেওয়ার খবর এসেছে ঢাকার বাইরে থেকেও।

ঈদ জামাত শেষেই সবাই ব‌্যস্ত হয়ে পড়েন পশু কোরবানির তোড়জোড়ে। সকালের বৃষ্টির কারণে রাজধানীতে পশু কোরবানি আর তার ব‌্যবস্থাপনা নিয়ে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়লেও বেলা ১০টার পর উজ্জ্বল রোদে স্বস্তি এসেছে তাদের মনে। 

তবে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানিতে সমস্যা হয়েছে। বৃষ্টির পানির সঙ্গে জবাই করা পশুর রক্ত মিশে নারায়ণগঞ্জের চাষাড়া, জামতলা ও কলেজরোডসহ বিভিন্ন এলাকার রাস্তা পরিণত হয়েছে রক্তের নালায়।

আবহাওয়া অধিদপ্তর শনিবার সারা দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। এদিকে কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণের ওপর জোর দিচ্ছে নগর কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি কার্পোরেশনের মেয়র সাঈদ খোকন ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছেন।   

যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে এবার দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে বরাবরের মতই নগরজুড়ে রাস্তা ও অলিগলিতে পশু জবাইয়ের দৃশ্য দেখা গেছে দুপুর পর্যন্ত। 

সিটি করপোরেশনের হিসাবে এবার ঢাকায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হতে পারে। এসব পশুর বর্জ্য সরিয়ে নিতে মাঠে রয়েছেন দুই সিটি কর্পোরেশনের সাড়ে ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী।

বর্জ্য অপসারণের সুবিধার জন্য দক্ষিণ সিটি করপোরেশন আড়াই লাখ চটের ব্যাগ এবং উত্তর সিটি করপোরেশন ৪ লাখ ৫৫ হাজার পলিব্যাগ দিয়ে রেখেছে নাগরিকদের।

এবার শুরুতে রাজধানীর পশুর হাটগুলোতে গরুর দাম বেশি বলে ক্রেতাদের অভিযোগ থাকলেও ঈদের আগের দিন ব্যবসা ছিল জমজমাট।

ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৫০ থেকে ৫৫ টাকায়; ঢাকার বাইরে এর দাম হবে ৪০ থেকে ৪৫  টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হবে।

সাভারে ট্যানারি সরিয়ে নেওয়া নিয়ে উত্তেজনায় গতবছর কোরবানির ঈদের পর ঢাকার হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেওয়া না হলেও এবার প্রশাসন বাধা দেবে না বলে জানিয়েছে।

ঈদুল আজহায় পশু কোরবানির মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বলি দেওয়া ইসলামের শিক্ষা। কোরবানির ত‌্যাগের শিক্ষা ব‌্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর আহ্বান এসেছে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের ঈদের বাণীতে।

ঈদুল ফিতরে শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে ধর্মের অপব‌্যাখ‌্যাকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকার প্রধান শেখ হাসিনা কোরবানির ত‌্যাগের মর্ম অন্তরে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিংসা-বিদ্বেষ ভোলার আহ্বান জানিয়েছেন সবার প্রতি।

শনিবার গোটা বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হলেও বিচ্ছিন্নভাবে কয়েকশ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবারই ঈদ উদযাপিত হয়।  

এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি মিলে যাওয়ায় অনেকেই আশা করছিলেন, হয়ত সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তে নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ানো হবে। তবে তাদের আশা পূরণ হয়নি।

তারপরও রাজধানীতে থাকা লাখ লাখ মানুষ গত কয়েকদিনে চলে গেছেন গ্রামে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে। ফলে ঢাকা এখন অনেকটাই ফাঁকা।  

এবার ঈদযাত্রায় বরাবরের মতো ভোগান্তি থাকলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ট্রেন ও লঞ্চ চলাচল নিয়ে মানুষের সন্তুষ্টি দেখা গেলেও সড়ক পথে যানজট নিয়ে অভিযোগ ছিল অনেকের। বরাবরের মতো এবারও ঈদের দিন সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন গণভবনে।

ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে মনোরম সাজে। রাতে থাকছে আলোকসজ্জার ব্যবস্থা।

দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

ঈদ উপলক্ষ সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যালেনগুলো কয়েকদিন ধরে প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।

ঈদের উৎসবের জন‌্য রাজধানীসহ দেশের বিনোদন কেন্দ্রগুলো নতুন করে সেজেছে।