বৃষ্টি মাথায় ঈদের সকাল
ঢাকাবাসীর ঈদুল আজহা উদযাপন শুরু হয়েছে বৃষ্টির মধ্যে; ঈদের নামাজ নির্বিঘ্নে সারতে পারলেও পশু কোরবানি আর তার ব্যবস্থাপনা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে।
শনিবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত শেষ হয়েছে সুষ্ঠুভাবেই, যেখানে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য আর বিচারপতিসহ সর্বস্তরের মানুষ দেশবাসীর কল্যাণ কামনায় মোনাজাতে হাত তুলেছেন।
বরাবরের মতই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পাঁচটি ঈদ জামাত হচ্ছে। ঈদের আনন্দে বৃষ্টির বাগড়া দেওয়ার খবর এসেছে ঢাকার বাইরে থেকেও।
ঈদ জামাত শেষেই সবাই ব্যস্ত হয়ে পড়েছেন পশু কোরবানির তোড়জোড়ে। তবে বৃষ্টির কারণে সমস্যায় পড়ার কথাও জানিয়েছেন অনেকে।
যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে এবার দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থান পশু কোরবানির স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এবার দুই সিটি করপোরেশন মিলিয়ে ঢাকায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হতে পারে। এসব পশুর বর্জ্য সরিয়ে নিতে মাঠে থাকবেন দুই সিটি কর্পোরেশনের সাড়ে ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী।
বর্জ্য অপসারণের সুবিধার জন্য দক্ষিণ সিটি করপোরেশন আড়াই লাখ চটের ব্যাগ এবং উত্তর সিটি করপোরেশন ৪ লাখ ৫৫ হাজার পলিব্যাগ দিয়ে রেখেছে নাগরিকদের।
এবার শুরুতে রাজধানীর পশুর হাটগুলোতে গরুর দাম বেশি বলে ক্রেতাদের অভিযোগ থাকলেও ঈদের আগের দিন ব্যবসা হয়েছে জমজমাট।
ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৫০ থেকে ৫৫ টাকায়; ঢাকার বাইরে এর দাম হবে ৪০ থেকে ৪৫ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হবে।
সাভারে ট্যানারি সরিয়ে নেওয়া নিয়ে উত্তেজনায় গতবছর কোরবানির ঈদের পর ঢাকার হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে দেওয়া না হলেও এবার প্রশাসন বাধা দেবে না বলে জানিয়েছে।
ঈদুল ফিতরে শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে ধর্মের অপব্যাখ্যাকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সরকার প্রধান শেখ হাসিনা কোরবানির ত্যাগের মর্ম অন্তরে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিংসা-বিদ্বেষ ভোলার আহ্বান জানিয়েছেন সবার প্রতি।
শনিবার গোটা বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হলেও বিচ্ছিন্নভাবে কয়েকশ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবারই ঈদ উদযাপিত হয়।
এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি মিলে যাওয়ায় অনেকেই আশা করছিলেন, হয়ত সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তে নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ানো হবে। তবে তাদের আশা পূরণ হয়নি।
এবার ঈদযাত্রায় বরাবরের মতো ভোগান্তি থাকলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ট্রেন ও লঞ্চ চলাচল নিয়ে মানুষের সন্তুষ্টি দেখা গেলেও সড়ক পথে যানজট নিয়ে অভিযোগ ছিল অনেকের।
বরাবরের মতো এবারও ঈদের দিন সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন গণভবনে।
ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে মনোরম সাজে। রাতে থাকছে আলোকসজ্জার ব্যবস্থা।
ঈদ উপলক্ষ সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যালেনগুলো কয়েকদিন ধরে প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।
ঈদের উৎসবের জন্য রাজধানীসহ দেশের বিনোদন কেন্দ্রগুলো নতুন করে সেজেছে।
