২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ জামাতে বন্যাদুর্গত, রোহিঙ্গাদের জন্য দোয়া

আবহাওয়া বিভাগের আভাস মিলে গিয়ে রাতেই শুরু হয়েছিল মেঘের ঘনঘটা; সকালে বিভিন্ন স্থানে ঈদ জামাতের মধ্যেই বাগড়া দিয়েছে বৃষ্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 10:40 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

বিরূপ আবহাওয়ার মধ্যেই শনিবার সকালে হাজারো মানুষের ঢল নেমেছিল ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে; দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি, শান্তি আর কল্যাণ কামনায় স্রষ্টার কাছে হাত তুলেছেন সবাই।

জিলহ্জ মাসের দশম দিন মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব বাংলাদেশে কোরবানির ঈদ নামেই পরিচিত। এদিন পশু জবাই দেওয়ার মধ্য দিয়ে মনের কলুষতাকে বিসর্জন দেওয়া ইসলামের শিক্ষা।

বরাবরের মতো এবারও দেশের প্রধান ঈদ জামাত হয় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস‌্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি পেশার নানা বয়সী মানুষ সেখানে ঈদের নামাজ পড়েন।

গতবছর শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে সব ঈদের নামাজ ঘিরেই কড়া নিরাপত্তার আয়োজন থাকছে। এবারও কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঢুকতে হয়েছে সবাইকে।

বৃষ্টির আশঙ্কা নিয়েই সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসে জড়ো হয় জাতীয় ঈদগাহ ময়দানে। ঠিক ৮টায় শুরু হয় ঈদের নামাজ।

এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। নামাজ শেষে তার সঙ্গে মোনাজাতে হাত তোলেন সবাই।

মাওলানা মিজানুর মোনাজাতে বলেন, “হে আল্লাহ, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ ও সব বালা-মুসিবত থেকে তুমি দেশ ও জাতিকে নাযাত (মুক্ত) কর। বানের পানিতে যারা ভাসছে, হে পরওয়ার দিগার, তুমি তাদের জানমাল, ইমানের হেফাজত কর।

“মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে ধরনের অন্যায়-অত্যাচার-জুলুম চলতেছে, হে আল্লাহ এই জালেমদের অত্যাচার থেকে তুমি তাদর রক্ষা কর। বিশ্বের মুসলিম উম্মাহকে তুমি রক্ষা কর। তাদের ইমান আকিদাকে তুমি রক্ষা কর।”

মোনাজাতের শেষ দিকে বৃষ্টি নামলে ত্রিপলে ছাওয়া ঈদগাহ মাঠেই আশ্রয় নেন সবাই। তখন পরস্পরের সঙ্গে কোলাকোলি ও কুশল বিনিময় করতে দেখা যায় তাদের।

এ সময় কথা হয় রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে দুই ছেলে আরিফুল ও আরমানকে সঙ্গে নিয়ে ঈদের নামাজে আসা গোলাম মোস্তফার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুই ঈদেই নামজ পড়তে এখানে আসি। এবারই প্রথম দুই ছেলেকে নিয়ে এলাম। আমার বাবাও আমাকে এভাবে ঈদের নামাজ পড়তে নিয়ে যেতেন। আমি আমার সন্তানদের নিয়ে এলাম। তারাও হয়ত একদিন তাদের সন্তানদের নিয়ে আসবে।”

সৃষ্টিকর্তার কাছে কী চেয়েছেন জানতে চাইলে ব্যবসায়ী আরিফুল বলেন, “পরিবার-পরিজন, দেশের মানুষ যেন ভাল থাকে সে প্রার্থনা করেছি। বিশেষ করে দেশের বন্যাদুর্গত মানুষের মুশকিল আসানের জন্য দোয়া করেছি।”

জাতীয় ঈদগাহের জামাতে আসা আয়কর আইনজীবী এমএম আর মামুন বলেন, “কোরবানির ঈদের মাহাত্ম কেবল একটি পশু কোরবানি দেওয়া নয়। এর প্রকৃত মাহাত্ম হল নিজের ভেতরের পশুত্বকে কোরবানি দিয়ে ইসলামের পথে, শান্তির জন্য মানুষের কল্যাণের পথে নিজেকে উৎসর্গ করা।”

বাবা এহসান ইসলাম ও ছেলে রাশেদ ইসলাম, দুজনেই সুপ্রিম কোর্টের আইনজীবী। থাকেন ইস্কাটন রোডে। নামাজের পর বাবা-ছেলে একসাথে হওয়ার পর এহসান ইসলামও কোরবানির মাহাত্ম নিয়ে কথা বলেন।

“সবকিছুর মত আমাদের ধর্মীয় সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে। আগে এমন ধুমধাম করে কোরবানি দেওয়া হত না। এখন তো রীতিমত প্রতিযোগিতা হয় কোরবানি নিয়ে। আসলে এখন রিচুয়ালই বড় হয়ে গেছে।”

তিনি বলেন, “আমলা, কর্মকর্তারা কি কাল থেকে ঘুষ খাওয়া ছেড়ে দেবে? দুর্নীতি ছেড়ে দেবে? ব্যবসায়ী কি ভেজাল মেশানো বাদ দিয়ে দেবে? দেবে না। তাহলে লাখ টাকা দামের গরু কোরবানি দিয়ে মাংস খাওয়া ছাড়া এর আর কোনো মাহাত্ম এর থাকছে?”

মুনিরা ইউসুফ তার ছোটো জা তাহমিনা সুলতানাকে সঙ্গে নিয়ে এবারই প্রথম নামাজ পড়তে এসেছিলেন জাতীয় ঈদগাহ ময়দানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে ঈদগাহ মাঠের ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলার প্রসংশা করলেন মুনিরা।

তিনি বলেন, “জানতাম এখানে নারীদের ঈদ জামাতে অংশ নেওয়ার ব্যবস্থা আছে। তবে এতবড় জামাতে একসঙ্গে নামাজ পড়া আমার এই প্রথম। বলতে পারেন, একেবারেই নতুন অভিজ্ঞতা। খুব ভাল লাগছে। পারিবারিক সুখ- স্বাচ্ছন্দ্যের পাশাপাশি গরিব-দুঃখী মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। সবাই মিলেই ভাল থাকতে চাই।”

পুরান ঢাকার আলু বাজার এলাকা থেকে ছেলে সিয়াম কবিরকে নিয়ে ঈদের নামাজে এসেছিলেন ব্যবসায়ী মো. আব্দুস সালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ  ঈদের দিনে আমাদের খুশি থাকার কথা, আনন্দে থাকার কথা। কিন্তু আমরা সে আনন্দ উপভোগ করতে পারছি না। দেশে বন্যা চলছে। লাখ লাখ মানুষ পানিবন্দি। তাদের ঈদ নেই। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে হত্যা-নির্যাতন চলছে তাতে আমরা আনন্দে থাকতে পারি না। তাদের সবার জন্য দোয়া করেছি।”