২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের ঈদ ফুটপাতেই

ময়লা টেনে তাদের সংসার চলে, সেই ময়লার কনটেইনার ঘেঁষে ফুটপাতে পরিবার নিয়ে ঘরবসতি। অভাবের সংসারের কষ্টের এই ঠিকানা বদলায় না আনন্দের ঈদেও।

কাজী নাফিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 09:45 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

ঈদের ছুটিতে কর্মব্যস্ত নগরীর চেনারূপ বদলে গেলেও পান্থপথের পান্থকুঞ্জ পার্ক ঘেঁষা ফুটপাতের চিত্র একই রয়ে গেছে; ফুটপাতের বসতি আর পাশের ময়লা উপচানো কনটেইনারের চিত্র এতটুকু বদলায়নি।

অভাব আর বন্যার ধাক্কায় এখানে 'স্থায়ী' আবাস গাড়া ১৫-২০টি পরিবারের ঈদ প্রতিবারের মতো এবারও কাটবে ফুটপাতেই।

নদী ভাঙনে সব হারিয়ে সিরাজগঞ্জের চৌহালির শিল্পী বেগমের বসবাস এখন এই ফুটপাতে। তার স্বামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী।

ফুটপাতে বিছানো বিছানার পাশে ছোট টেবিলে সাজানো তার পাতিল, বাসনসহ অন্যান্য রান্নার সামগ্রী।

রান্না করতে করতেই তিনি জানালেন, কষ্ট হলেও স্বামীর ৪ হাজার টাকার বেতনে ঠিকানা বদলানো সম্ভব না।

“আমিও তো কিছু করি না, আর বাইতেও কিছু নাই। একনা মাইনষের কামাইত তো আর ঈদ করা যায় না।”

২৬ বছর বয়সী এই নারী বলেন, “থাকতে তো কষ্ট হয়। কিন্তু কিছু করার নাই। দুইডা ছেলেমেয়ে; ঈদে একটা কাপড়ও কিনে দিতে পারি নিই।”

বন্যায় ঘর ডুবে যাওয়ায় লালমনিরহাটের সমিরনের ঠিকানাও এই ফুটপাত। সব হারিয়ে ঢাকায় এসে তার স্বামী রিকশা চালান, সংসার চালাতে নিজেও কাজ করেন অন্যের বাসায়।

৪৬ বছর বয়সী সমিরন জানান, অভাবের সংসারে খাবারের খরচ জোগাতেই সব শেষ হয়ে যায়, সে কারণেই মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন রাস্তার পাশের ফুটপাত।

“৫ বছর ধরে এইহানে থাহি। দুইডা ছাওয়াল, একটা টেম্পুর হেল্পার। ৮ বছরের ছোট বাচ্চাটারেও কিছু দেই নাই ঈদে। খালাম্মায় (গৃহকর্ত্রী) ওরে কাপড় দিছে, হামাগের সেমাই দিছে।”

ঈদে বাড়ি যেতে ইচ্ছা করে না- প্রশ্ন করা হলে দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, “ইচ্ছে তো করে। কনে যায়াম? যাওনের জায়গা তো নাই।”

পান্থকুঞ্জ পার্কের সীমানা প্রাচীরেই দেখা যায় বেশকিছু কাপড় ছড়ানো। এখানকার বাসিন্দারা জানালেন, তাদের থাকার পাশাপাশি রান্না, গোসলসহ নিত্য প্রয়োজনীয় সব কাজ চলে এই ফুটপাতেই।

৫১ বছর বয়সী আকলিমা খাতুনের স্বামী অসুস্থ, নিজে কাগজ কুড়িয়ে সংসার চালান। তার বাড়ি গাইবান্ধায়।

সংসারের অভাব আর বয়সের ভারে তার জীবন এখন দুর্বিষহ।

“যে টেহা কামাই, নিজের হলে খাই, নইলে না খেয়েই থাকি। খাওয়ারই খরচ নাই, ফুটপাত ছাড়া থাহুম কই?"

দুই ছেলে ও দুই মেয়ের সবার বিয়ে হয়ে গেছে আকলিমার; তবে তাদের কাছ থেকেও কোনো সহায়তা আসে না।

“বেটি-ছাওয়ালরা নিজেরাই চলতে পারে না, হামাক কী খরচ দিবে?"

এখানেই থাকে ১৪ বছরের মনির। তার বাড়ি লালমনিরহাটে, ৯ বছর ধরে বাবার সঙ্গে এই ফুটপাতে সঙ্গী সে; ফুটপাতে কীভাবে আসা, তাও মনে করতে পারে না সে।

“আব্বা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের ময়লা টানে, মুইও হ্যার লগে থাহি। বাইত মা আর এক ভাই থাহে।"

ঈদে বাড়ি যেতে ইচ্ছে হয় জানিয়ে মনির বলেন, "যামু কেমনে? গেলে খরচ অইবো না? এহানেই ঈদ করব।"