২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি বাগড়া দিতে পারে কোরবানিতে

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদেশে; ফলে গত বারের মতো এবারও ঈদের নামাজ ও পশু কোরবানিতে ভোগান্তি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 05:21 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

শনিবার বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। সকালে ঈদের নামাজের পর পশু কোরবানি দেবে মুসলিম সম্প্রদায়।

ঈদের দিনের আবহাওয়ার খবর নিতে গিয়ে জানা যায়, আগামী কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টির যে আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, সেটাই রয়েছে। অর্থাৎ ঈদের দিনেও বৃষ্টি হতে পারে।

ঈদের দিন সকালে বৃষ্টি হলে নামাজ ও কোরবানি দিতে সমস্যায় পড়তে হতে পারে। তবে ঈদের দিন বিকালে বৃষ্টি হলে পশু কোরবানির বর্জ্য ধুয়ে যায়।

Image
বৃষ্টিতে বাসার গ্যারেজের ভেতর কোরবানি করলেও রাস্তায় জমে থাকা পানির সঙ্গে পশুর রক্ত মিশে এঅবস্থা হয়েছিল গত বছর রাজধানীর শান্তিনগর এলাকায়। ছবি: রাফিউদ্দিন সিফাত

বৃষ্টিতে বাসার গ্যারেজের ভেতর কোরবানি করলেও রাস্তায় জমে থাকা পানির সঙ্গে পশুর রক্ত মিশে এঅবস্থা হয়েছিল গত বছর রাজধানীর শান্তিনগর এলাকায়। ছবি: রাফিউদ্দিন সিফাত

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সারাদেশে এখনও মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী কয়েকদিন রাজধানীতে যে কোনো সময় থেমে থেমে দুই-এক পশলা বৃষ্টি হতে পারে। চট্টগ্রামসহ ঊপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টি হবে।”

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রবণতা আগামী তিন দিনে একই রকম থাকবে।

শুক্রবার ভোর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ১১৬ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৯ মিলিমিটার।

এসময় চাঁদপুরে ৬৬ এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পুরনো খবর:

বৃষ্টিতে পশু কোরবানিতে ভোগান্তি