কমলাপুরে শেষ মুহূর্তের ভিড়, ট্রেন ছাড়তে দেরি
ঈদে বাড়ি ফেরা মানুষের শেষ মুহূর্তের ভিড়ে শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছিল সরগরম।
প্রায় সারাদিনই কমলাপুর স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় দেখা গেছে।তাদের অপেক্ষা, কখন আসবে ট্রেন।
সকালে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হলেও আসন আর দাঁড়ানোর জায়গা পূর্ণ হতে সময় লাগেনি। বেশিরভাগ ট্রেনের ছাদেও পা ফেলার জায়গা ছিল না।
উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন দেরি করে ছাড়ায় ভোগান্তি হয়েছে ঘরমুখো মানুষের।
নীলসাগর এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৮টায়। কিন্তু সেটি ছেড়ে গেছে তিন ঘণ্টা দেরিতে, বেলা ১১টায়।
ট্রেন ধরার জন্য সকাল ৭টা থেকে প্ল্যাটফর্মে বসে ছিলেন একটি পোশাক কারখানার ব্যব্স্থাপক তৌহিদুর রহমান। ট্রেন দেরি করায় পরিবার নিয়ে ঝামেলায় পড়ে যান তিনি।
“ট্রেন ধরার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। রেডি হয়ে এখানে এসেছি সেই সকাল ৭টায়। এখন পর্যন্ত ট্রেনই আসেনি। মোবাইলে খবর নিয়ে জানলাম ট্রেন এখন পর্যন্ত জয়দেবপুর পার হয়নি। কখন ছাড়বে কে জানে। বাচ্চাকাচ্চা নিয়ে বেশ ঝামেলায় পড়ে গেলাম।”
“বাসে গেলে পথে পথে যানজট। রাস্তাও ভালো না। কখন পৌঁছাবে তারও ঠিক নাই। এর চেয়ে ট্রেনেই ভালো। কিছুটা দেরি হলেও একবার বসতে পারলে আমর সমস্যা নাই।।”
রংপুর এক্সপ্রেসের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে ছিলেন গৃহিনী সাদিয়া আক্তার। তিনি বলেন, নাড়ির টানের কাছে সব কষ্টই তুচ্ছ।
“মা-বাবা অপেক্ষায় আছে, কখন বাড়ি যাবো। এ কারণে এত কষ্টের মাঝেও আনন্দ আছে। এই আনন্দের পরিমাণটাই বেশি।”
জামালপুরের অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী এসএম লুৎফর রহমান জানান, অন্য সময় বাসে গেলেও ঈদে তিনি বাড়ি যান ট্রেনে। নিরাপত্তার কারণেই ট্রেনে যাওয়া।
“ঈদের সময় বাসে খুব ঝামেলা হয়। ভাড়া দিতে হয় ডাবল। জায়গায় জায়গায় গাড়ি থামায়, যানজট লাগে। খুবই বিরক্তিকর জার্নি। এ কারণে ঈদের সময় ট্রেনেই যাই; ভিড় বেশি হলেও খারাপ লাগে না।”
চাকরিসূত্রে আড়াই বছর ধরে ঢাকায় আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরীক্ষা বিভাগের কর্মকর্তা তমা। অগ্নিবীণায় সরিষাবাড়ী যাচ্ছেন তিনি। বললেন, প্রতিবার বাড়ি ফেরাই তার কাছে আনন্দের।
“এমনিতেও নিয়মিত বাড়ি যাই। কিন্তু ঈদের সময় বাড়ি যাওয়ায় আনন্দ অন্যরকম। আমাদের ট্রেনটা দেরি করবে না, এজন্য কোনো অভিযোগও নেই।”
খুলনার সুন্দরবন এক্সপ্রেস ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় ৯টা ২০ মিনিটে। রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টার বদলে কমলাপুর ছাড়ে ৭টা ৫ মিনিটে।
দেওয়ানগঞ্জগামী ঈদের বিশেষ ট্রেনটি ছাড়ার কথা সকাল পৌনে ৯টায়। ৫০ মিনিট দেরি করে ট্রেনটি ছেড়ে যায় সকাল ৯টা ৩৫ মিনিটে।
রংপুর এক্সপ্রেস ৯টায় ছাড়ার কথা থাকলেও কমলাপুরে আসতেই বেজে যায় ১০টা। দিনাজপুরের একতা এক্সপ্রেস সকাল ১০টায় রওনা হওয়ার কথা থাকলেও আধা ঘণ্টার বেশি দেরি হয়।
এছাড়া বিকালে চট্টগ্রামের সুবর্ণ এক্সপ্রেস ২৫ মিনিট, জামালপুর কমিউটার ১৫ মিনিট এবং সিলেটের কালনী এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের ২৫ মিনিট পরে কমলাপুর ছেড়ে যায়।
সবচেয়ে বেশি দেরি হয়েছে রাজশাহী রুটের সিল্ক সিটি এক্সপ্রেসের। দুপুর ২টা ৩০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ট্রেনটি কমলাপুরে আসতে পারেনি। স্টেশনের সময়সূচির বোর্ডে তখন ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় দেখানো হচ্ছিল সন্ধ্যা সাড়ে ৬টা।
শুক্রবার ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর থেকে ৫৩টি ট্রেন ছেড়ে যাবে বলে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান।
তিনি বলেন, “অতিরিক্ত যাত্রীর চাপের কারণে কয়েকটি ট্রেন দেরি করেছে। এই ট্রেনগুলো যখন ছেড়ে যায়, তখন প্রতিটি স্ট্রেশনেই যাত্রী নামাতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লাগছে। সেই ফাঁকটা আমরা পূরণ করতে পারছি না। এ কারণে ট্রেনগুলো কমলাপুরে ফিরছেও দেরি করে।
“তবে যেহেতু আজ ঈদের শেষ দিনের যাত্রা… ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে।”
দুপুরের পর থেকে কমলাপুরে ভিড় কিছুটা কমতে দেখা গেলেও উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীর চাপ ছিল সকালের মতই।
