২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিস ছুটির পর উপচেপড়া ভিড় সদরঘাটে

বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের মোটামুটি ভিড় দেখা গেলেও উপচেপড়া অবস্থাটি ছিল না; কিন্তু অফিস ছুটির পর বিকালে পাল্টে যায় দৃশ্যপট।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 12:20 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

বিকালে গিয়ে দেখা যায়, যাত্রীদের চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। পন্টুনে স্থান নেই বলে বারবার মাইকে ঘোষণা দেওয়া হলেও তাতে কেউ কান না দেওয়ায় বিকাল ৫টার দিকে পন্টুনে ঢোকার কলাপসিবল গেইট বন্ধ করে দেওয়া হয়।

সদরঘাট নৌ টার্মিনাল থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার লঞ্চ ছেড়ে যায়। এসব লঞ্চের বেশিরভাগই বিকালে ছাড়ে।

বিকাল সাড়ে ৪টার দিকে সদরঘাট পরিদর্শনে যান পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

তিনি সাংবাদিকদের বলেন, এবার রেল ও নৌপথে যাত্রী বেশি।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার পর্যন্ত ৭০টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়।

বুধবার ছেড়েছিল ১১৮টি লঞ্চ। বৃহস্পতিবার রাত নাগাদ অন্তত দেড়শ লঞ্চ সদরঘাট ছাড়বে বলে ধারণা জয়নাল আবেদীনের।

লঞ্চ মালিক সমিতির প্রধান উপাদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বৃহস্পতিবার) বিকাল ৩টা থেকে যাত্রী নামতে শুরু করেছে। মনে হচ্ছে,কাল দুপুর পর্যন্ত যাত্রী পাওয়া যাবে।”

বিকালে যাত্রীর চাপ দেখে এমভি আওলাদ লঞ্চের মহাব্যবস্থাপক এম এ মাহফুজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সব যাত্রী যেতে পারবে না লঞ্চের অভাবে।”

তার অভিযোগ, সকালে যাত্রী না ভরতেই লঞ্চগুলোকে ঘাট ছাড়তে বাধ্য করা হয়েছিল।

তবে বিআরটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, “যেসব লঞ্চে যাত্রী ভরেছে। সেসব লঞ্চ নিয়ম মেনেই ছাড়া হয়েছে।”

সদরঘাটের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘যথেষ্ট’ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমম্বয় করে কাজ করা হচ্ছে বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক মওদুদ হাওলাদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৬৫ জন পুলিশ সদস্য সদরঘাটে পালা বদল করে ডিউটি দিচ্ছে। কিন্তু পিক আওয়ারে ২২৫ জন পুলিশ সদস্য ডিউটি দেয়। এছাড়া নৌ-পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাব ছাড়াও স্বেচ্ছাসেবক রয়েছে।

সদরঘাটের সার্বিক চিত্র পর্যবেক্ষণের জন্য নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে, যেখান থেকে ৩০টি সিসি ক্যামেরার মাধ্যমে ঘাটের পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে বৃষ্টি হলেও নদীতে ১ নম্বর সতর্কতা রয়েছে জানিয়ে বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক দীনেশ কুমার বলেন, এই সতর্কতায় লঞ্চ চলতে কোনো বাধা নেই।