‘ডিজিটাল বাংলাদেশ’ নিয়ে সংবাদের জন্য ৭ সাংবাদিক পুরস্কৃত
ডিজিটাল বাংলাদেশ বিষয়ে সংবাদ প্রতিবেদনের জন্য সাতজন সাংবাদিককে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৭ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) যৌথ আয়োজনে রোববার পিআইবি’র সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, “অতীতের মতো বর্তমানেও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়ষন্ত্র চলছে। রাষ্ট্র আর গণতন্ত্রের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও এগিয়ে আসতে হবে।
“গণমাধ্যমের কর্মীরা অতীতে জঙ্গীবাদ ও তাণ্ডবের বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আগামীতেও ঐতিহাসিক ভূমিকা রাখবেন।”
পিআইবি ও এটুআই এই পুরস্কার প্রদান ছাড়াও প্রতিবছর দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক যেসব প্রশিক্ষণের আয়োজন করে, সেগুলোর সংখ্যাবৃদ্ধির আশ্বাস দেন এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
এ বছর ছয়টি ক্যাটাগরিতে সাতজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে।
জাতীয় দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে জনকণ্ঠের এম শাহজাহান, টেলিভিশন ক্যাটাগরিতে একাত্তর টেলিভিশনের মোহাম্মদ মাফিজুল ইসলাম, অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে আরটিভি অনলাইনের মাইদুর রহমান রুবেল, ফটোসাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর সৈয়দ আশরাফুল আলম, আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে দৈনিক গ্রামের কাগজের এসএম আরিফুজ্জমান, রেডিও ক্যাটাগরিতে যৌথভাবে রেডিও চিলমারী’র মো. কামরুল হাসান পলাশ ও রেডিও পদ্মার মো. সাদী মাহমুদ পুরস্কার পান।
অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে ৭৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মফিজুর রহমান, এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, সাংবাদিক ইশতিয়াক রেজা উপস্থিত ছিলেন।
