মেডিকেল ভর্তি: নম্বর কাটার সিদ্ধান্তের বিরুদ্ধে রিট
মেডিকেলে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে মেধা তালিকা তৈরির সময় পাঁচ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্তকে বেআইনী ঘোষণার নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি রিটটি দায়ের করেন।
ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের জানিয়েছেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন বেঞ্চে সোমবার আবেদনটির ওপর শুনানি হতে পারে।
স্বাস্থ্য স্বচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিটে বিবাদী করা হয়েছে ।
রিটে আবেদনে বলা হয়েছে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাঁচ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত মৌলিক অধিকারের পরিপন্থী।
গত জুনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছর এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে।
নম্বর কাটা হবে আগের বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া প্রার্থীদেরও, তাদের কাটা পড়বে ৭ দশমিক ৫ নম্বর।
স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রস্তাবে এই সিদ্ধান্ত হয় বলে গত ৪ জুন জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।
বর্তমানে মেডিকেল-বিডিএস ভর্তি পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের, এছাড়া এইচএসসি ও এসএসসির জিপিএ’র জন্য নির্ধারিত ২০০ নম্বর (১২৫ ও ৭৫) থেকে প্রাপ্ত নম্বর মিলিয়ে মেধাতালিকা তৈরি হয়।
