২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ি আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা

ফুলবাড়ি আন্দোলনের ১১ বছর পূর্তিতে ওই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 02:51 AM

Updated : 11 Oct 2022, 02:27 PM

শনিবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয় বলে জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্যে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ অবিলম্বে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধসহ এশিয়া এনার্জিকে বহিষ্কার ও ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)  সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা আ ক ম জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা তাসলিমা আক্তার, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা রজত হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

২০০৬ সালের ২৬ অগাস্ট দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন সিদ্ধান্ত বাতিল এবং এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিল সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ হয়।

ওই সময় গুলিবিদ্ধ হয়ে আল আমিন, সালেকীন ও তরিকুল নিহত এবং প্রায় দুইশ’ জন আহত হন।

উত্তেজিত জনতা ওইদিনই ফুলবাড়িতে অবস্থিত এশিয়া এনার্জির অফিস ভেঙে দেয়। শুরু হয় লাগাতার হরতাল। ফুলবাড়ির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় অন্যান্য জেলা ও উপজেলার যোগাযোগ ব্যবস্থা।

পরে ৩০ অগাস্ট আন্দোলন কমিটির সঙ্গে তৎকালীন সরকারের ছয় দফা সমঝোতা চুক্তির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দিনটি স্মরণে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা সকালে ফুলবাড়ী শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

পরে ফুলবাড়ি নিমতলী মোড়ে এক সমাবেশে আনু মুহাম্মদ বলেন, “উন্নয়নের দোহাই দিয়ে ফুলবাড়ি প্রকল্পসহ দেশজুড়ে নানা ধ্বংসাত্মক প্রকল্প গ্রহণ করেছে সরকার।”

এসময় তিনি বিদ্যুৎ উৎপাদনের নামে ‘জন-জীবন ও পরিবেশ ধ্বংসকারী’ সব প্রকল্প বাতিল করে দেশীয় গ্যাস সম্পদ এবং নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রনে জাতীয় কমিটি প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে ফুলবাড়ি আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১১ অক্টোবর ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ১৪ নভেম্বর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।