২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ার ফাঁদে ফেলে ব্যাংক কর্মকর্তার ‘৫৫ লাখ টাকা লোপাট’

রাজধানীতে জুয়ার ফাঁদে ফেলে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৫৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 02:00 AM

Updated : 11 Oct 2022, 02:27 PM

গ্রেপ্তার রেজাউল করিম ওরফে সামসুল (৩৮) এবং মো. আসাদুজ্জামান ওরফে খোকন ওরফে আমজাদ হোসেনকে (৪৬) রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি বেসরকারি ব্যাংকের রাজধানীর একটি শাখার ব্যবস্থাপকের কাছ থেকে ওই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

এক্ষেত্রে প্রতারক চক্র ‘অভিনব’ প্রক্রিয়া অনুসরণ করেছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকের ওই শাখা থেকে এক ব্যক্তি তার জমি বন্ধক রেখে ঋণ নেন। কিন্তু সময়মতো পরিশোধ করতে না পারায় ওই জমি বিক্রির জন্য ব্যাংকের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই বিজ্ঞপ্তির সূত্র ধরে গত জুলাই মাসে প্রতারক চক্রটি মাঠে নামে। তাদের একজন নিজেকে রচি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিকের এজেন্ট পরিচয়ে দিয়ে ফোনে ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেন।

ভুয়া নাম ফারুক উল্লেখ করে তিনি জমি কেনার আগ্রহ প্রকাশ করে ওই ব্যাংক কর্মকর্তাকে নিকুঞ্জে তাদের অফিসে যাওয়ার আমন্ত্রণ জানান। ব্যাংক কর্মকর্তা তার কথায় ওই অফিসে যান এবং সেখানে ‘রচি ইন্টারন্যাশনাল’র কর্মকর্তা ও কান্ট্রি ম্যানেজার পরিচয় দেওয়া আমজাদ হোসেন ও শামসুল হকের সঙ্গে পরিচিত হন। তাদের ভারতীয় একজন মালিক আছে বলে তাকে জানানো হয়।

তাদের প্রত্যেকের পরিচয় ভুয়া ছিল এবং অফিসটিও প্রতারণার জন্য সাজানো হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, “প্রতারক চক্রটি বুঝতে পারে এই ব্যাংক কর্মকর্তা ধর্মভীরু। এই সুযোগ নিয়ে ভারতীয় মালিক মুসলিমবিদ্বেষী, বাবরি মসজিদ হামলায় অর্থ দিয়ে সাহায্য করেছেন এবং মুসলমান মেয়েদের ধর্ষণ করেছেন বলে ওই ব্যাংক কর্মকর্তাকে বলেন তারা।

Image
তাদের কাছ থেকে প্রতারণার টাকাও উদ্ধার করা হয়েছে

তাদের কাছ থেকে প্রতারণার টাকাও উদ্ধার করা হয়েছে

“তাকে বলা হয়, তিন কার্ড নামে এক ধরনের জুয়া খেলতে পছন্দ করেন ওই ভারতীয় মালিক। তবে তার চেয়ে ভালো খেলেন কান্ট্রি ম্যানেজার শামসুল হক। ভারতীয় মালিককে যেভাবেই হোক হারিয়ে ৫ থেকে ৬ কোটি টাকা আয় করা যাবে। আর এই অর্থের ১৫ ভাগ মসজিদ-মাদ্রাসায় দান করা হবে, বাকিটা তারা ভাগ করে নেবেন।

“তাদের কথায় ওই ব্যাংক কর্মকর্তা পটে যান। নিকুঞ্জের অফিসে একদিন তিন কার্ড খেলার আয়োজনে পরিকল্পনা অনুযায়ী কথিত ভারতীয় মালিক হেরে গেলে শামসুল হক পাঁচ কোটি টাকা চান। কিন্তু তাকে বলা হয়, খেলার নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকেও সমপরিমাণ টাকা দেখাতে হবে এবং তা হলেই ভারতীয় মালিক টাকা দেবেন।”

এরপর ওই ব্যাংক কর্মকর্তা প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে মিলে পাঁচ কোটি টাকা যোগাড়ের সিদ্ধান্তে যান। ৫৫ লাখ টাকা যোগাড়ের ভার পড়ে তার কাঁধে।

টাকা যোগাড় হয়ে গেলে ওই ব্যাংক কর্মকর্তা তা নিয়ে একটি হোটেলে কথিত ভারতীয় কর্মকর্তার কাছে যান। সেখানে প্রতারক চক্রের চার সদস্যের হাতেই ব্যাগ দেখে তিনি আশ্বস্ত হন।

“পরে মালিককে টাকা দেখানোর কথা বলে তার কাছ থেকে ব্যাগ নিয়ে চলে যায় এক প্রতারক। অন্যরা তার কাছে বসে থাকে। পরে এক এক করে সবাই কৌশলে চলে গেলে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।”

এই ঘটনায় গত মাসে খিলক্ষেত থানায় একটি মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে সিআইডি বৃহস্পতিবার ওই দুজনকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তারা এই প্রতারণার কথা স্বীকার করেছে জানিয়ে মোল্যা নজরুল বলেন, “এভাবে প্রায় ৫০টি ঘটনা ঘটিয়ে কয়েক কোটি টাকা আয় করার কথা স্বীকার করেছে তারা।”