কবি বেলাল চৌধুরীর শারীরিক অবস্থার ‘অবনতি’
অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি কবি বেলাল চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার এক ছেলে জানিয়েছেন।
ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৭৮ বছর বয়সী বেলাল চৌধুরী এখন কথা বলতে পারছেন না বলে কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার সকালে তার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। ক্রমাগত বমি হতে থাকলে তাকে ধানমন্ডির এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।
“বাবা এখন কথা বলতে পারছেন না। তাকে কেবিনে রাখা হয়েছে।”
বেলাল চৌধুরী ২০১৪ সালের ৯ মে কলকাতা সাহিত্য আকাদেমির এক অনু্ষ্ঠানে যোগ দেওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার কিডনিতে সমস্যা হয়েছে। মূত্রনালিতে ইনফেকশনের কারণে তিনি ‘সেফটিসেমিয়া’ রোগে ভুগছেন। এছাড়া তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে।
আনোয়ার খান মডার্নে অধ্যাপক ফিরোজ আহমেদ কোরেশির তত্ত্বাবধানে চিকিৎসাধীন বেলাল চৌধুরীর পরবর্তী চিকিৎসার জন্য রোববার সকালে একটি মেডিকেল বোর্ড গঠনের কথা রয়েছে বলে প্রতীক জানান।
সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবেও খ্যাতি রয়েছে বেলাল চৌধুরীর।
তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে ‘নিষাদ প্রদেশে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থিরজীবন ও নিসর্গ’, ‘স্বপ্নবন্দী’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘যাবজ্জীবন সশ্রম উল্লাসে’, ‘বত্রিশ নম্বর’ রয়েছে।
বেলাল চৌধুরী দীর্ঘদিন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস প্রকাশিত ‘ভারত বিচিত্রা’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য তিনি ২০১৪ সালে একুশে পদকক পান। এছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন তিনি।
বেলাল চৌধুরীর জন্ম ১৯৩৮ সালের ১২ নভেম্বর, ফেনী উপজেলার শর্শদি গ্রামে।
