২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি হলে ঈদযাত্রায় বড় বিপত্তি ঢাকা-টাঙ্গাইল সড়কে

বিভিন্ন জায়গায় খানাখন্দ আর উন্নয়ন কাজের কারণে ঢাকা-টাঙ্গাইল সড়কের কয়েকটি অংশে যানজট নিয়মিতই লেগে আছে।

ওবায়দুর মাসুম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 12:00 PM

Updated : 11 Oct 2022, 02:26 PM

পুরনো খবর:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ী, চন্দ্রা চৌরাস্তা, কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায় মহাসড়ক ঘুরে দেখা যায় যানজটের চিত্র।

এর ওপর ঈদের সময় অতিরিক্ত যাত্রীবাহী যানবাহন এবং কোরবানির পশুবাহী ট্রাকের কারণে উত্তরাঞ্চলগামী এ সড়কে যানজট আরও বাড়ার আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের।

সড়ক ও জনপথ বিভাগ বলছে, এবার পরিস্থিতি গত রোজার ঈদের চেয়ে ভালো। বৃষ্টি না হলে কোনো সমস্যা হবে না।

মহাসড়ক ঘুরে দেখা যায়, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তার পথে গাজীপুরা, তারগাছ, মালেকের বাড়ি, সাইনবোর্ড ও ভোগড়া এলাকায় মেরামত চলছে। ভোগড়া বাইপাসের কাছে সড়ক এখনও ভাঙা।

ভোগড়া থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের ভাঙা অংশ ইটের গাঁথুনি দিয়ে উঁচু করা হয়েছে। তবে এখনও সড়কের বিভিন্ন অংশে ছোটবড় ভাঙন। সড়কের এ অংশ এবড়ো-থেবড়ো হওয়ায় যানবাহন চলে ধীরগতিতে।

চৌরাস্তা থেকে কোনাবাড়ী পর্যন্ত সড়ক মোটামুটি ভালো। কোনাবাড়ী বাজারের শুরুতে সড়কে অসংখ্য খানাখন্দ। সড়কের বিভিন্ন অংশে পানি জমে আছে। ভেঙে যাওয়া সড়কে ইট বিছিয়ে দেয়া অংশ আবার ভেঙেছে। উড়াল সড়কের নির্মাণকাজের কারণে এক লেইনে যানবাহন চলছে। কোনাবাড়ি বাজারের আগে-পরে দীর্ঘ যানজট লেগে আছে।

ঈদের আগে আগে এ যানজট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন শুক্রবার সকালে যানজটে আটকে থাকা গাজীপুর চৌরাস্তা-সিরাজগঞ্জ রুটের তালুকদার পরিবহনের চালক আবুল কাসেম।

“চন্দ্রা থেকে কোনাবাড়ী পার হতেই তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লেগে যায়,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

যানজটের মধ্যেই কোনাবাড়ী বাজারে সড়কের মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেল। ট্রাকের চালক জামাল হোসেন জানান, এক্সেল বিয়ারিং ভেঙে যাওয়ায় বুধবার রাত থেকে এখানে আটকে আছেন তিনি।

নিজের সঙ্গে অন্যদের এই দুর্ভোগের জন্য বেহাল সড়ককে দায়ী করে জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাজীপুর চৌরাস্তা থেকেই ভাঙা রাস্তা শুরু হয়। ঝাঁকানিতে গাড়িতে প্রেসার পড়ে বেশি। এইজন্যই আমার গাড়ির এক্সেল বেয়ারিং ভাইঙ্গা গেছে। আমার লগে আরও চাইরটা টেরাক নষ্ট হইছিল, ওইগুলো নিয়া  গেছে।”

চন্দ্রা বাজার এলাকায় সড়কে ছোটবড় অসংখ্য খানাখন্দ। সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে আছে। একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় সেখানেও যানজট লেগে আছে। সফিপুর বাজারেও সড়কে খানাখন্দ আছে। এ বাজারও পার হতে হয় ধীরে ধীরে।

চন্দ্রা চৌরাস্তায় সড়ক প্রশস্তকরণ এবং উড়াল সড়ক নির্মাণের কাজ চলছে। এখানে সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে।

তবে বৃষ্টি হলে আবার সড়ক আবার ভেঙে গেলে ঝামেলা হবে বলে জানান ঢাকা-রংপুর রুটের এনা পরিবহনের শাহ আলম।

ঈদের আগে সড়কে একাধিক লেইনজুড়ে বাস রেখে যাত্রী তোলায় চন্দ্রায় যানজট লাগে বলে দাবি করেন তিনি।

“ঈদের গাড়ি রাস্তায় বাইর হয় নাই,গরুর ট্রাকও চলা শুরু করে নাই। অহনই ঢাকা থাইকা রংপর যাইতে একদিন লাইগা যায়। ঈদের সোম রাস্তায় বিভিন্ন গাড়ি কয়েক লাইন কইরা প্যাসেঞ্জার উডায়। হেইসোম কী অবস্থা অয় আল্লা জানে!”

চন্দ্রা থেকে মির্জাপুর বাইপাস পর্যন্ত সড়কে ছোটবড় অসংখ্য খানাখন্দ। এ সড়কের কালিয়াকৈর বাইপাস সড়কের হিজলতলী সেতুর ও লতিফপুর সেতু এবং কালিয়াকৈর রেলওভারপাসের দুপাশেসড়ক ভাঙাচোরা। মির্জাপুরের দেরুয়া রেলক্রংসিয়েও সড়ক ভাঙাচোরা হওয়ায় যানবাহন চলে ধীর গতিতে।

লতিফপুর সেতুর দুপাশের সড়ক অনেকটা দেবে গেছে। ভাঙা অংশে ইট বিছিয়ে মেরামত করা হয়েছে। তার উপর দেওয়া হচ্ছে বিটুমিনের প্রলেপ।

সেখানে মেরামতকাজ তদারক করছিলেন গাজীপুর সড়ক বিভাগের পরিদর্শক পারভেজ আহমেদ। তিনি দাবি করেন, চালকদের ওভারটেকিংয়ের প্রবণতাই যানজটের কারণ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে গাড়ি ধীরে চলে ঠিক আছে। কিন্তু এ জায়গায় এসেও অনেক চালক ওভারটেক করতে যায়। সে সময় উল্টোদিক থেকেও গাড়ি চলে আসলে জ্যাম শুরু হয়। সবাই নিয়মমতো চললে এতটা জ্যাম হওয়ার কথা না।”

চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত সড়কেও অসংখ্য ছোটবড় খানাখন্দ।

মির্জাপুরের দেরুয়া লেভেল ক্রসিংয়ে সড়কটি সরু। এখানেও সড়কে খানাখন্দ। সেগুলো মেরামত করছেন সড়ক ও জনপথের কর্মীরা। এতে দুপাশে যানবাহন আটকে আছে।

সাময়িক এ মেরামত বৃষ্টি হলে ধুয়ে যাওয়ার আশঙ্কা ঢাকা-ঠাকুরগাঁও রুটের তাজ পরিবহনের চালক সাইফুল ইসলামের। “এইগুলা যতই ঠিক করুক। বৃষ্টি আইলে আবার ভাইঙ্গা যাইব। এরা সারাবছরই এ্যামনে গর্ত ভরে, আবার গর্ত হইয়া যায়।”

বৃষ্টি না হলে ঈদের আগে এ সড়কে কোনো সমস্যা হবে না বলে মনে করেন সড়ক ও জনপথের মির্জাপুরের উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ সরকার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখানে ভালো মানের বিটুমিন দিয়ে কাজ হলেও বৃষ্টির পর কী হয় তা বলা যায় না।

“সড়ক মেরামতে ৪ ভাগ বিটুমিন দিলেই যথেষ্ট। কিন্তু এখানে আমরা ৬ ভাগ বিটুমিট দিয়ে ঢালাই করছি। আশা করি কিছু হবে না। কিন্তু বৃষ্টি হলে আসলে কিছু করার থাকে না।”

তবে কোরবানির ঈদের সড়কের পরিস্থিতি গতবারের চেয়ে খারাপ হওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের মুভমেন্ট এখনও শুরুই হয়নি। কিন্তু এখনই বিভিন্ন জায়গায় যানজট লাগছে। উত্তরবঙ্গ থেকে যে গাড়ি ৬ ঘণ্টায় আসার কথা সে গাড়ি আসতে এখনই ১৪ ঘণ্টা-১৬ ঘণ্টা সময় লাগছে।

“ঈদের সময় আমরা কীভাবে চাপ সামলাব আমি জানি না। তখন কি হবে অনলি আল্লাহ নোজ, আমি আসলে প্রেডিক্ট করতে পারছি না।”

ঈদের আগে খানাখন্দে ভরা সড়কে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ বলে জানান হাইওয়ে পুলিশের গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আহম্মেদ।   

“সব রাস্তাই কমবেশি ভাঙাচোরা, বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এছাড়া গাজীপুর থেকেই রাস্তার কাজ চলছে। এছাড়া কোনাবাড়ীতে নির্মাণধানী ফ্লাইওভারের কারণে যানজট আরও বাড়ে। এছাড়া ঈদের আগে সবাই যখন একসঙ্গে বের হবে তখন গাড়ির চাপ এমনিতেই বেড়ে যায়।”

“তবে সড়ক ও জনপথ বিভাগ যদি রাস্তা ঠিক রাখতে পারে তাহলে আমরা গাড়িগুলো পাস করে দিতে পারব আশা করি। সেক্ষেত্রে যানজট ততটা হবে না।”

বৃষ্টি না হলে এ সড়কের টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ৩ থেকে ৪ লেইনে যানবাহন চলতে পারবে বলে জানিয়েছেন গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা।

“এত পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তার কিছুটা সমস্যা তো থাকবেই। কিন্তু সমস্যার জন্য যে গাড়ি বন্ধ হবে এমন নয়। ৩ থেকে ৪ লেইনে গাড়ি চলতে পারবে। এখন যদি বড় ধরনের বৃষ্টি না হয়ে মেরামত করা সড়ক ধরে রাখা সম্ভব হবে। সেক্ষেত্রে যান চলাচলে কোনো সমস্যা হবে না আশা করি।”