২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জমি দখলকারীকে’ সহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

জমি দখলকারীকে সহযোগিতার অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানা পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 02:42 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

শুক্রবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে ওই সংবাদ সম্মেলনে অভিযোগকারী মনজু বেগমের সঙ্গে তার কলেজ পড়ুয়া ছেলে হাবিবুল বাশার ও বোনের ছেলে ফারুক হোসেনও উপস্থিতি ছিলেন।

লিখিত বক্তব্যে হাবিবুল বাশার বলেন, ১৯৭৪ সালে নাগিনা রহমান নামে এক নারীর কাছে থেকে মধ্য মণিপুরে ১২ হাজার টাকা দিয়ে পাঁচ কাঠা জমি কেনেন আমার মা মনজু বেগম।

ওই জমিতে মোট ১৮টি টিনশেড ঘর তৈরি করে আমাদের পরিবার বসবাস করছে; আর ছয়টি টিনশেড ভাড়া দেওয়া হয়।

কিন্তু এ বছরের ১৯ জুন ওসমান নামে এক ব্যক্তি ওই জমি দাবি করেন জানিয়ে তিনি বলেন,‍“পরে ১৫ জুলাই দলবল নিয়ে ওসমান আমাদের সবগুলো টিনশেড ঘর ভেঙে দেয়। ওই সময় আমরা বাসার বাইরে ছিলাম। পরে অর্ধ-ভাঙা সাতটি কক্ষ মেরামত করে আমরা ফের বসবাস করে আসছি।”

এ বিষয়ে আদালতে একটি মামলা রয়েছে জানিয়ে বাশার বলেন, “কিন্তু পুলিশ ওসমানের পক্ষ নিচ্ছে। পুলিশের উপস্থিতিতে ওসমানের লোকজন প্রায়ই আমাদের উপর হামলা চালায়।

“রাত ১২টার পর ঘরের চালার উপর ইট নিক্ষেপ করে। নানাভাবে হুমকি দিচ্ছে এবং ঘর ছেড়ে চলে যেতে বলে।”

এ বিষয়ে অভিযোগ করতে গেলে মিরপুর থানার পুলিশ উল্টো মাদক মামলা দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ তাদের।

তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করে মিরপুর থানার ওসি মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, “এ বিষয়টি নিয়ে দুইপক্ষই অভিযোগ করছে। একপক্ষ ফোন করে বলেন, আমাদের উপর হামলা চালাচ্ছে। আবার অন্যপক্ষ বলছে আমার জমিতে আমাদের কাজ করতে দিচ্ছে না।

“তাদের উভয়পক্ষকে আদালতের মাধ্যমের জমির মালিকানা ঠিক করতে অনুরোধ করা হয়েছে।”

এ ঘটনায় পুলিশ কারও পক্ষ নেয়নি দাবি করে ওসি নজরুল ইসলাম বলেন, “যতবার পুলিশ ঘটনাস্থলে গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে গেছে। কোনো পক্ষকে সার্পোট করার জন্য যায়নি। আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সেজন্য গেছে।”