২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাস্থানগড়ে হবে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব হারমোনি’

বিশ্ব সংস্কৃতির সঙ্গে বাংলা সংস্কৃতির নতুন এক মেলবন্ধন ঘটাতে আগামী ডিসেম্বরে বগুড়ার মহাস্থানগড়ে অর্ধশতাধিক দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব হারমোনি’র আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 01:32 AM

Updated : 19 Aug 2022, 05:22 PM

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিসেম্বরের মাঝামঝি কোনো এক সময়ে তারা এই আয়োজন করবেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে পরামর্শ করে আয়োজনের দিনটি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, “অর্ধশতাধিক দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সাংস্কৃতিক প্রতিনিধিদের সামনে আমরা নিজেদের সংস্কৃতিকে মেলে ধরব। সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে মতের আদানপ্রদান হবে এ সম্মেলনে।”

আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে লিঁয়াজো কমিটি ও নিরাপত্তা বিষয়ক উপকমিটি গঠন করেছে। এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার। মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও উপসচিবের সঙ্গে কমিটিতে আছেন ১৭টি জেলার জেলা প্রশাসক ও কালচারাল অফিসার।

প্রাচীন বাংলার জনপদ বগুড়ার মহাস্থানগড় এক বছরের জন্য সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০১৬ সালের ২৪ নভেম্বর সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্থে কোতোয়ালা এই ঘোষণা দেন। ২০১৭ সালের ২১ জানুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর হয়।

আশীষ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতির পর সেখানে একটি বড়সড় সাংস্কৃতিক উৎসব আয়োজনের কথা ছিল। এবার আমরা তার আয়োজন করতে যাচ্ছি।”

সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে সার্কভুক্ত দেশগুলোর ইংরেজি নামের আদ্যক্ষরের ভিত্তিতে দেশগুলোর স্থান বেছে নেওয়া হয়।২০১৫ সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী ছিল আফগানিস্তানের বামিয়ান।

প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এক সভ্য জনপদ গড়ে উঠে মহাস্থানগড়ে, পরে তা বাংলার রাজধানীও হয়। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। মহাস্থানগড় শাসন করেছেন মৌর্য, গুপ্ত, পাল ও সেন বংশের শাসকরা।