গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানকে স্মরণ
গ্রেনেড হামলায় নিহত নেত্রী আইভি রহমানকে স্মরণ করেছে তার পরিবার ও দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় গুরুতর জখম হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অগাস্ট মারা যান আইভি রহমান। তার স্বামী জিল্লুর রহমান দেশের রাষ্ট্রপতি ছিলেন।
ত্রয়োদশ মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে ফুল দেওয়া হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রয়াত নেত্রীর প্রতি।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “গ্রেনেড হামলা মামলার বিচারের রায় এ সরকারের আমলেই হবে।”
ফুল দেওয়ার পর আওয়ামী লীগ নেতারা কবরের সামনে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
বিকালে গুলশানের আইভি কনকর্ড টাওয়ারের বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে। মিলাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইভী রহমানের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।
