২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে: রাষ্ট্রপতি

রোগীদের সাথে চিকিৎসকদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 05:23 PM

Updated : 11 Oct 2022, 02:25 PM

বৃহস্পতিবার দুপুরে ‘প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ’ এর পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে আবদুল হামিদ এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা একটি মহৎ পেশা। এই পেশার মাধ্যমে অর্থ উপার্জনের পাশাপশি মানুষকে সেবাদান সম্ভব। তাই রোগীরা যাতে সঠিক চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে।”

“রাষ্ট্রপতি আরও বলেন, সেবাদানের ক্ষেত্রে রোগীদের সাথে ডাক্তারদের ব্যবহার যাতে সৌহার্দ্যপূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে।”

রাষ্ট্রপতি বলেন, “চিকিৎসা শাস্ত্রে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ও জ্ঞান সংযোজিত হচ্ছে। মেডিকেল কলেজে চিকিৎসার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে চিকিৎসা শাস্ত্রের আধুনিক ও সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ধারনা পেতে পারে সেদিকে গুরুত্ব দিতে হবে।”

সাক্ষাতে কলেজের অধ্যক্ষ আ ন ম নওশাদ খান কলেজের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।

জাপানের দূতের বিদায়ী সাক্ষাৎ

পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।

প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং সেই সাথে দ্বিপ্ক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।”

রাষ্ট্রপতি জাপানি উন্নয়ন সংস্থা জাইকা গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশংসা করে বলেন, এসব প্রকল্প বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে।

রাষ্ট্রপতি গত বছর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জাপানি নাগরিক হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

রাষ্ট্রপতি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।

জাপানের রাষ্ট্রদূত সম্প্রতি বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের প্রশংসা করেন।

তিনি বাংলাদেশে জাপানি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এবং জাপানি নাগরিকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

প্রেস সচিব জানান, জাপানি দূত বাংলাদেশে জাপানের অব্যাহত সহযোগিতার কথাও জানান এবং চলমান বন্যায় তার সরকারের সহানুভূতির কথাও উল্লেখ করেন।