বিএসএমএমইউর ভিসির পিএসের শাস্তি চান কয়েকজন কর্মকর্তা
প্রধানমন্ত্রী ও তার পরিবার নিয়ে কটূক্তির অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস আমিনুল ইসলাম পলাশের শাস্তি দাবি করেছেন কয়েকজন কর্মকর্তা।
এ দাবিতে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর ডা. কামরুল হাসান খানের কাছে অভিযোগপত্র দিয়েছেন তারা।
অভিযোগপত্রে সাক্ষরকারী কর্মকর্তারা হলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর একান্ত সচিব মো. আলমগীর হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন)-এর একান্ত সচিব সুমন দাস, উপ-রেজিস্ট্রার সঞ্জীব কুমার রায়, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. শহিদুল হক, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সেকশন অফিসার মো. আশিকুর রহমান এবং কর্মকর্তা মুহাম্মদ রুকনুজ্জামান।
অভিযোগপত্রে বলা হয়, “মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পিএস আমিনুল ইসলাম পলাশ মাননীয় প্রধনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। আমিনুল ইসলাম পলাশের ঔদ্ধত্যপূর্ণ কটূক্তি শুনে এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নয়ন তাৎক্ষণিক প্রতিবাদ জানান।
“মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে শোকের মাসে এই কটুক্তি আমাদের মর্মাহত করেছে। জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এই চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের আস্ফালনকারী এই কর্মকর্তা এত দুঃসাহস দেখাচ্ছেন কীভাবে তা আমাদের বোধগম্য নয়। অবমাননাকর এ ধরনের মন্তব্য আমাদের মনোবলকে ধ্বংস করে দিচ্ছে।
“আমরা উক্ত ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং একই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন বিভাগের সেকশন অফিসার মোস্তাফিজুর রহমান নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কি যেন একটা কাগজ নিয়ে পলাশ প্রো-ভাইস চ্যান্সেলরের কাছে গিয়েছিল। এই সময় পলাশ বলছিল, ‘আমি শেখ পরিবারের সাথে থাকি, শেখ পরিবারের শেখ হেলাল আমাকে চাকুরি দিয়েছে। আমি যদি জামায়াত-শিবির হই- শেখ হেলালও জামায়াত শিবির, শেখ পরিবারও জামায়াত শিবির, শেখ হাসিনাও জামায়াত শিবির’।”
তার ওই কথা শুনে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন জানিয়ে সাবেক ছাত্রলীগ নেতা নয়ন বলেন, “আমি বলি- এই ব্যাটা, কথা সাবধানে কঅ।
“এখানে প্রমোশনের বিষয়ে এসেছিস, আবার শেখ পরিবারও জামায়াত শিবির এটা কি বলিস?”
অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্দেশপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এবং তারা মিথ্যাচার করছে।”
তিনি বলেন, “সামনে আমার প্রমোশনের একটা বিষয় আছে, ভাইভা কয়েক মাস আগে হয়ে গেছে। সেই বিষয়টাকে নিয়ে ষড়যন্ত্র করছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অভিযোগ পেয়েছি। পলাশ কী বলেছে, তা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে বলেছে।
“আমি খোঁজখবর নিয়েছি এই অভিযোগের কোনো সত্যতা নেই। তবে বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাই করা হবে।”
