২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে নবম ওয়েজ বোর্ড নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2017, 11:42 PM

Updated : 19 Aug 2022, 05:19 PM

এই দুই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবে বলে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

দুপুর ১২টা থেকে শুরু করে সোয়া ১টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ডিইউজে, বিএফইউজেসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক চৌধুরী বলেন, “আমরা নবম ওয়েজবোর্ডের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বারবার কালক্ষেপণ করে যাচ্ছেন। এই তথ্যমন্ত্রীর অবহেলার কারণে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন আটকে আছে।

“আর রাবিশ মন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি নিজেই রাবিশ। আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন। অন্যথায় সাংবাদিক সমাজ বসে থাকবে না।”

শাবান মাহমুদ বলেন, “গোটা সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ। আমাদের দীর্ঘদিনে নবম ওয়েজ বোর্ডের দাবি মানতে হবে। এই ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রধান শত্রু তথ্যমন্ত্রী। আপনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।”

আগামী ২২ অগাস্ট যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ডিইউজে সভাপতি।

সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পূলক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী।