ঈদযাত্রায় ‘চ্যালেঞ্জ’ দেখছেন ওবায়দুল কাদের
অতিবর্ষণ ও উজানের পানির কারণে সড়ক-মহাসড়কের ৪১টি পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করা ‘চ্যালেঞ্জিং’ হবে বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক-সেতু তদারকিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক এবং সম্প্রতি বন্যায় আক্রান্ত দিনাজপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উজানে ভারি বৃষ্টির কারণে চলমান বন্যায় এ পর্যন্ত দেশের ৩০ জেলার ৫৮ লাখ ৪৬ হাজার ৬২০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য।
আর বন্যায় ২৮০টি বাঁধের সঙ্গে দুই হাজার ৭৮৯ কিলোমিটার রাস্তা, ১২৩টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “এবার অতিবর্ষণ ও আপস্ট্রিম থেকে আসা পানির ভয়াবহতা এতো তীব্র যে এ পর্যন্ত রাস্তা ২৩টি পয়েন্টে এক থেকে তিন কিলোমিটার, পানির নিচে আছে এবং ১৮টি পয়েন্টে উত্তরাঞ্চলসহ বেশকিছু এলাকার রাস্তা ওয়াশআউট হয়ে গেছে। যেটা এ মুহূর্তে ঠিক করা চ্যালেঞ্জিং বিষয়।”
বৃষ্টি না হলে ঈদের আগে রাস্তাগুলো চলাচল উপযোগী করা যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, “ঠিকঠাক মানে সম্পূর্ন বিটুমিনাস কাজ করতে পারব তা বলতে পারছি না, তবে যানবাহন চলাচলের উপযোগী করা যাবে এরকম আশা করি। বৃষ্টিবাদল অব্যাহত থাকলে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করা খুবই চ্যালেঞ্জিং।”
প্রকৌশলীরা রাস্তাগুলো চলাচল উপযোগী করতে ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানান ওবায়দুল কাদের।
ঈদের আগে পাঁচদিন ও পরে পাঁচদিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং ঈদের আগের তিনদিন জরুরি সার্ভিস ছাড়া (গার্মেন্টস, পচনশীল দ্রব্য, পশু ইত্যাদি) ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী।
ঈদযাত্রায় চাপ কম রাখতে রোজার ঈদের মতো এবারও শ্রমিকদের কয়েক ধাপে ছুটি দেওয়ার বিষয়ে পোশাক কারখানার মালিকদের আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া সড়ক-মহাসড়কের উপর পশুর হাট না বসানোর ব্যাপারেও নিশ্চয়তা পাওয়া গেছে বলেও জানান ওবায়দুল কাদের।
