সবুজ ঢাকা গড়তে কাজ করছি: সাঈদ খোকন
নতুন প্রজন্মের জন্য সবুজ বাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে বলে দাবি করেছেন মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে মিতালী বিদ্যাপীঠ স্কুলে ‘সবুজ স্কুল গড়ি’ শীর্ষক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, ছেলেমেয়েরা যেন সবুজের মাঝে বেড়ে উঠতে পারে সেজন্য সড়ক মিডিয়ানগুলোয় বৃক্ষ রোপণ করা হয়েছে।
“জল-সবুজে ঢাকা প্রকল্পের মাধ্যমে বেদখল হওয়া ১২টি খেলার মাঠ, ১৯টি পার্ক উদ্ধার করেছি। এগুলোকে আন্তর্জাতিক মানে সাজাতে প্রায় শতাধিক স্থপতি কাজ করছেন। আগামী বছরের জুনে এ কাজ শেষ হলে ঢাকা অনিন্দ্য সুন্দর নগরে রূপ নেবে।”
‘পরিবর্তন চাই’ নামে একটি সংগঠনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। সেখানে একটি গাছের চারাও রোপণ করেন তিনি।
এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার বিষয়েও উৎসাহ দেওয়া হয়।
মেয়র জানান, নগরবাসীকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে ছাদে, আঙ্গিনায় বাগান করলে ১০ ভাগ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে।
